ভূঞাপুর প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে রাতভর দলবদ্ধ ধর্ষণের পর হাত-পা বাঁধা বিবস্ত্র অবস্থায় ধানক্ষেতে ফেলে রাখা বুদ্ধি প্রতিবন্ধি এক তরুণীকে (২৫) উদ্ধার করেছে স্থানীয়রা।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে স্থানীয়রা ওই তরুণীকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, উপজেলার জিগাতলা গ্রামের বুদ্ধিপ্রতিবন্ধি ওই তরুণী সন্ধ্যার পর বাড়ি থেকে বের হন। প্রতিদিনই তিনি সড়ক দিয়ে হাটাহাটি করতেন। পরিবারের লোকজনের ধারণা বৃষ্টির মধ্যে সে ঘরেই অবস্থান করছে। মঙ্গলবার সকালে স্থানীয় এক নারী রাউৎবাড়ি এলাকায় গাছের ডালপালা কুড়াতে গিয়ে ধানক্ষেতে হাত-পা বাঁধা বিবস্ত্র অবস্থায় ওই তরুণীকে দেখতে পান। পরে বাড়ি থেকে কাপড় এনে পড়িয়ে উদ্ধার করে বাড়িতে পৌছে দেন। ঘটনার পর তরুণী লোকজন দেখে ভয় পাচ্ছিল।
তরুণীর পরিবার জানায়, মেয়েটি জন্ম থেকেই মানসিক প্রতিবন্ধি। অপরাধীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে তারা।
এলাকাবাসী জানান, মেয়েটি খুব সহজসড়ল তার সঙ্গে এমন ঘটনা কেউ মেনে নিতে পারছে না। যারা এ জঘন্ন কাজ করেছে তাদের দ্রুত খুঁজে বের করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারা।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাব্বির রহমান জানান, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

