মাসুদ রানা রাব্বানী: রাজশাহীর পবা উপজেলার নওহাটা এলএসডি (লোকাল সাপ্লাই ডিপো) গোডাউনের অভ্যন্তরীণ সড়ক ঢালাই কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে|
প্রায় ৮৮ লাখ টাকা ব্যয়ে চলমান এই কাজ চলছে বলে জানা গেছে| স্থানীয় সূত্র জানায়, খাদ্যশস্য মজুদের গুরুত্বপূর্ণ এই গোডাউনের ভেতরের সড়ক ঢালাইয়ে মানসম্মত উপকরণ ব্যবহার করা হচ্ছে না| ফলে কাজ শেষ হওয়ার পর সড়কে দ্রুত ফাটল, ভারী ট্রাক চলাচলে ক্ষতি এবং দীর্ঘমেয়াদে ব্যবহারে ঝুঁকি ˆতরি হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা| কাজের ঠিকাদার মোঃ নফি অভিযোগ অস্বীকার করে বলেন, ঢালাই কাজে ৪ ইঞ্চি পরপর রডের জালি করা হয়েছে|
পাথর ব্যবহার করেই কাজ চলছে| নিয়ম মেনেই কাজ করা হচ্ছে| গোডাউন ইনচার্জ মোঃ মিজান হোসেন বলেন, কাজ দেখাশোনার দায়িত্বে আমি আছি| তবে সার্বিক দোয়িত্বে আছেন আঞ্চলিক রক্ষণাবেক্ষণ অফিসার প্রকৌশলী মোঃ ফিরোজ আহমেদ| আঞ্চলিক রক্ষণাবেক্ষণ অফিসার প্রকৌশলী মোঃ ফিরোজ আহমেদ বলেন, একদিকে ১০ মিলি ও অন্যদিকে ৮ মিলি রড ব্যবহার করা হচ্ছে| আমরা নিজেরাই কাজ তদারকি করছি| কোনো অনিয়ম হচ্ছে না| প্রয়োজনে কাজের সময় আপনারা উপস্থিত থাকতে পারেন|
ঠিকাদার প্রভাব খাটিয়ে বা হুমকি-ধমকি দিয়ে কাজ করছেন, এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, না, এমনটা হচ্ছে না|
তবে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তা-কর্মচারী সংশ্লিষ্টরা বলছেন, এলএসডি গোডাউন খাদ্যশস্য সংরক্ষণের গুরুত্বপূর্ণ স্থাপনা হওয়ায় এর অবকাঠামোগত কাজের মান নিশ্চিত করা জরুরি| বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা|

