শাহজাদপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার বাড়াবিল মহল্লার ৪র্থ শ্রেণির ছাত্রীকে হাত- পা বেঁধে জোরপূর্বক ধর্ষণ মামলার আসামি সজীব হোসেনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে থানা পুলিশ মঙ্গলবার (৫ মে) দিবাগত রাতে তাকে গ্রেফতার করে।
অভিযুক্ত সজীব হোসেন ওই গ্রামের হাফেজ আবদুল হাইয়ের ছেলে। বুধবার (৬ মে) দুপুরে শাহজাদপুর সিনিয়র জুনিশিয়ান ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালতের বিচারক মো: মোসলেম উদ্দিন আসামি সজীবকে সিরাজগঞ্জ জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। আদালতের জিআরও ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত ২১ এপ্রিল মঙ্গলবার দুপুরে সজীব হোসেন আম দেওয়ার কথা বলে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীকে বাড়িতে ডেকে নিয়ে যায়। এ সময় বাড়িতে সজীবের স্ত্রী ও অন্য কেউ না থাকায় কৌশলে তাকে ঘরে নিয়ে দরজা বন্ধ করে দেয়। পরে হাত-পা বেধে ওই শিশু শিক্ষার্থীকে জোরপূর্বক ধর্ষণ করে। একপর্যায়ে ঘটনাটি জানাজানি হলে ধর্ষণের শিকার শিক্ষার্থীর দাদা এলাকার প্রধানদের শরণাপন্ন হন। পরে এলাকার প্রধানবর্গ গত ২৬ এপ্রিল রোববার শালিস বৈঠকের আয়োজন করেন। কিন্তু অভিযুক্ত সজীব এবং তার বাবা হাফেজ আব্দুল হাই ওই শালিসে উপস্থিত না হলে এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে ওঠে।
খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হলে শালিস বৈঠক পণ্ড হয়ে যায়। পরে ভুক্তভোগীর মা বাদী হয়ে সজীবকে আসামি করে গত ২৬ এপ্রিল শাহজাদপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে সজীব পলাতক ছিল। খানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্ত সজীবকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান আদালতের নির্দেশে সজীবকে সিরাজগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।

