মাসুদ রানা রাব্বানী: রাজশাহীর বাঘায় প্রায় অর্ধকোটি টাকার জিরা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে|
বুধবার রাত ১০টার দিকে উপজেলার আড়ানী বাজার এলাকায় এ ঘটনা ঘটে| এ ঘটনায় জিরা ব্যবসায়ী মিলন হোসেন বাঘা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন| অভিযোগ পাওয়ার পর বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ| অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, মিলন হোসেনের বাড়ি রাজশাহী শহরে| তিনি দীর্ঘদিন ধরে জিরার ব্যবসা করেন| কয়েকদিন আগে আড়ানী বাজারের ব্যবসায়ী শান্ত নামে এক ব্যক্তি তার কাছ থেকে এক ট্রাক জিরা কেনার আগ্রহ প্রকাশ করেন|
পরে দরদাম চূড়ান্ত হলে বুধবার দুপুরে মিলন হোসেন এক ট্রাক জিরা নিয়ে বাঘার আড়ানী বাজারে যান| সেখানে শান্ত জিরাগুলো বুঝে নিয়ে নগদ ২৫ লাখ টাকা পরিশোধ করেন এবং বাকি ২৪ লাখ টাকার একটি চেক দেন| মিলন হোসেন অভিযোগ করেন, চেকের টাকা আড়ানী বাজারের একটি ব্যাংক থেকে তুলে দেওয়ার কথা বলে শান্তসহ কয়েকজন তাকে সঙ্গে নিয়ে হাঁটতে থাকেন| একপর্যায়ে একটি গলির মধ্যে নিয়ে তাকে ছুরির মুখে জিম্মি করে নগদ ২৫ লাখ টাকা ও চেক ছিনিয়ে নেওয়া হয়| তিনি আরও জানান, টাকা ও চেক কেড়ে নেওয়ার পর তাকে আড়ানী বাজার ছেড়ে চলে যেতে বলা হয়|
তবে তিনি টাকা ফেরতের দাবিতে সেখানে অবস্থান করেন| পরে রাত ১০টার দিকে শান্ত, তার মামা সুজাত আহমেদ তুফানসহ কয়েকজন মিলে ট্রাকে থাকা সব জিরা আটকে রাখেন বলে অভিযোগ করেন তিনি| ঘটনার পর স্থানীয় বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হককে বিষয়টি জানানো হলেও কোনো সমাধান হয়নি বলে দাবি করেন
মিলন হোসেন| পরে বাধ্য হয়ে রাতেই তিনি বাঘা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন| এ ব্যাপারে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল করিম বলেন, ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে| পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে| বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে|

