রংপুরের বদরগঞ্জে চাঁদাবাজির মামলায় পৌর ছাত্রদলের সাবেক সহসভাপতি রানা জেলহাজতে

0
রংপুরের বদরগঞ্জে চাঁদাবাজির মামলায় পৌর ছাত্রদলের সাবেক সহসভাপতি রানা জেলহাজতে

জয়নাল আবেদীন: রংপুরের বদরগঞ্জে চাঁদাবাজির মামলায় পৌর ছাত্রদলের সাবেক সহসভাপতি জিহাদ সরকার রানাকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে চাদাবাজি করা কালে তাকে গ্রেফতার করে।

বদরগঞ্জ থানা সূত্রে জানা গেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আউটসোর্সিংয়ে নিয়োগপ্রাপ্ত কর্মচারী মোছা. ফাতেমা বেগম বাদী হয়ে মামলাটি করেন। ওই মামলায় জিহাদ সরকার রানাসহ চারজনের নাম উল্লেখ করা হয়েছে। এজাহারে ফাতেমা বেগম অভিযোগ করেন, কয়েক দিন ধরে আসামিরা তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলেন। টাকা না দিলে হাসপাতালে চাকরি করতে দেওয়া হবে না বলে তাকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়।অভিযোগে আরও বলা হয় শনিবার সকালের দিকে হাসপাতাল কোয়ার্টারে থাকা অবস্থায় আসামিরা তার বাসার সামনে গিয়ে গালিগালাজ করে।

এদিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আশিকুল আরেফিন বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ পাওয়া কর্মচারী ফাতেমা বেগম তিন মাস ধরে বেতন পাচ্ছিলেন না। তিনি হাসপাতালের একটি পরিত্যক্ত ভবনে বসবাস করছিলেন। তার বিরুদ্ধে চুরির অভিযোগ তুলে ডিস ফারুক, জিহাদ সরকার রানাসহ কয়েকজন ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন।

পরে এ ঘটনায় ফাতেমা বেগম থানায় অভিযোগ দেন।তিনি জানান, শনিবার দুপুরে জিহাদ সরকার রানা ও ডিস ফারুকসহ তিন ব্যক্তি তার কার্যালয়ে গিয়ে ওই অভিযোগ তুলে নিতে তাকে চাপ দেন। তিনি সেখান থেকে বের হয়ে যেতে চাইলে তাকে অবরুদ্ধ করে রাখে।বিষয়টি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জিহাদ সরকার রানাকে আটক করে থানায় নিয়ে যায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা সেখান থেকে পালিয়ে যায়।বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান জাহিদ সরকার বলেন, চাঁদাবাজির মামলায় জিহাদ সরকার রানাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মোট ছয়টি মামলা আছে।