গাজীপুরে অটোরিকশা চালককে গলাকেটে খুন

0

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে মেহেদী হাসান আসিফ নামে এক অটোরিকশা চালককে গলাকেটে হত্যার পর মরদেহ ফেলে গেছে দুর্বৃত্তরা। অটোরিকশা জঙ্গলে ফেলে গেছে। মরদেহের পাশে রয়েছে নারীর ওড়না জুতোজোড়া চুলের ব্যান্ড।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ডোয়াইবাড়ি গ্রামের বগারভিটা এলাকার গজারি বনের পাশের মাঠে গলাকাটা মরদেহ দেখতে পায় স্থানীয়রা।

নিহত মেহেদী হাসান আসিফ(২২) উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ডোয়াইবাড়ি গ্রামের মো. হুমায়ুন আহমেদ জাকিরের ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক।

নিহতের মা আছমা বেগম আহাজারি করতে করতে বলেন, গতকাল বুধবার বিাকলে অটোরিকশা নিয়ে বের হয় ছেলে। প্রতিদিনের মতো ১১ টার মধ্যে বাড়ি ফেরে। কোনদিন ১১ টার বেশি রাত করে ছেলে বাড়ি ফিরে না। রাত বেশি হলে তাকে ফোন করা হয়। কিন্তু মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এরপর খোঁজা খোজি শুরু হয়। অনেক অটোরিকশা চালকের সঙ্গে যোগাযোগ করা হয় কিন্তু তার কোন খোঁজ মেলেনি। এভাবে রাতভর চলে খোঁজা খোজি করলেও ছেলের সন্ধান পাওয়া যায়নি। ফজরের আজানের পর বাড়ির অদূরে একটি নির্জন স্থান কে জানি ছেলের অটোরিকশা ফেলে গেছে। তারপর থেকে দুশ্চিন্তা আরও বাড়তে থাকে। সকালে খোঁজা খোজির একপর্যায়ে বগারভিটা এলাকায় ছেলের গলাকাটা মরদেহ দেখতে পায়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নাছির আহমদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল এসে তদন্ত শুরু হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের জন্য কাজ করছে পুলিশ।