কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর মহিপুর থানা পুলিশের অভিযানে ৬০ পিস ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। বুধবার (২৭ মে) বিকেলের দিকে মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের আলিপুর টোল প্লাজা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন— মহিপুর সদর ইউনিয়নের নিজশিববাড়ীয়া গ্রামের মৃত চান মিয়া খাঁ’র ছেলে মো. জামাল খাঁ (৪২), মো. খলিলুর রহমান হাওলাদারের ছেলে আ. আজিজ হাওলাদার (২৫), মৃত জলিল ফরাজীর ছেলে মো. সোহেল ফরাজী (২৭)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানা পুলিশের একটি চৌকস টিম আলিপুর টোল প্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে তিন মাদক কারবারিকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো শামীম আহমেদ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে তিন মাদক কারবারীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে এবং নিয়মিত মামলা রুজু করে পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন। মাদক নির্মূলে মহিপুর থানা পুলিশ জিরো টলারেন্স। এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।’

