মাসুদ রানা রাব্বানী: রাজশাহী মহানগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে পাঁচজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ জুন) রাতে চন্দ্রিমা, বোয়ালিয়া ও রাজপাড়া থানা পুলিশ পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ৫৫টি ইয়াবা ট্যাবলেট, ১৫ কেজি গাঁজা, নগদ ৩৯ হাজার টাকা এবং একাধিক মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো বাঘা উপজেলার ভানুকর (মীরগঞ্জ) এলাকার মোশারফ হোসেন (৪২), রাজপাড়া থানার ডিঙ্গাডোবা নিমতলা মোড় এলাকার আকবর আলী (৩২), ডিঙ্গাডোবা মোজাম্মেলের মোড় এলাকার সাকিব ওরফে অন্তর (২৬), দাশপুকুর আলীর মোড় এলাকার সিফাত হোসেন ওরফে কাউসার (২৪) এবং দাশপুকুর এলাকার নাসির উদ্দীন (৩৫)। শনিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ- পুলিশ কমিশনার (সদর) মোঃ গাজিউল আজম। তিনি জানান, বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে চন্দ্রিমা আবাসিক এলাকার একটি ফ্ল্যাটে চন্দ্রিমা ও বোয়ালিয়া মডেল থানার যৌথ দল অভিযান চালিয়ে মোশারফ হোসেনকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ২ হাজার ৫৫টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পাশাপাশি মাদক বিক্রির ৩৯ হাজার টাকা এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
একই রাতে রাত ৯টার দিকে রাজপাড়া থানার ডিঙ্গাডোবা ব্যাংক কলোনি এলাকার একটি পরিত্যক্ত বসতবাড়িতে অভিযান চালিয়ে আকবর, সাকিব, সিফাত ও নাসিরকে গ্রেফতার করে রাজপাড়া থানা পুলিশ। পরে তাদের কাছ থেকে ১৫ কেজি গাঁজা জব্দ করা হয়। এছাড়া মাদক প্যাকেটজাতকরণে ব্যবহৃত চারটি কাঁচি ও চারটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, মোশারফের বিরুদ্ধে পূর্বে একটি ফৌজদারি মামলা রয়েছে। সাকিব ও সিফাতের বিরুদ্ধে একটি করে মাদক মামলা এবং নাসিরের বিরুদ্ধে পেনাল কোড ও জুয়া আইনে দুটি মামলা বিচারাধীন রয়েছে। এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমেজেল হাজতেপ্রেরণ করা হয়েছে।

