মাসুদ রানা রাব্বানী: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের বিশেষ সাধারণ সভা-২০২৬ এবং কার্যনির্বাহী কমিটির নির্বাচন (২০২৬-২০২৮) শনিবার নগর ভবনের সিটি হল সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতাদের নাম ঘোষণা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। তিনি বলেন, মানবতার সেবায় রেড ক্রিসেন্ট সোসাইটি সব সময় মানুষের পাশে দাঁড়িয়েছে। প্রাকৃতিক দুর্যোগ, স্বাস্থ্যসেবা, মানবিক সহায়তা এবং সংকটকালে অসহায় মানুষের পাশে থেকে সংগঠনটি দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। তিনি আরও বলেন, রাজশাহী সিটি ইউনিট দুর্যোগ মোকাবিলা, স্বেচ্ছাসেবী কার্যক্রম, রক্তদান, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং অসহায় মানুষের সহায়তায় উল্লেখযোগ্য অবদান রেখে নগরবাসীর আস্থা অর্জন করেছে। একটি শক্তিশালী ও গতিশীল নেতৃত্বই একটি সংগঠনকে এগিয়ে নিতে পারে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে। সভায় তিনি বলেন, নাগরিক সেবা নিশ্চিত করার দায়িত্ব তিনি নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করছেন এবং নাগরিক অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণে কাজ করে যাচ্ছেন। এ ক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করেন তিনি। সভায় ¯^াগত বক্তব্য দেন ইউনিট লেভেল অফিসার মির্জা শামীম আহসান। এ সময় অ্যাডহক কমিটির গত এক বছরের কার্যক্রম তুলে ধরেন সাধারণ সম্পাদক ডা. মোঃ শামীম হোসেন চৌধুরী।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট পারভেজ তৌফিক জাহেদী। নির্বাচন কমিশনার ছিলেন রাশীদ হোসেন চৌধুরী ও বকুল হোসেন। প্রধান নির্বাচন কমিশনার সভায় নবনির্বাচিত নেতাদের নাম ঘোষণা করেন। নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিতে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রেজাউল করিম রাজু। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডা. মো. শামীম হোসেন চৌধুরী। সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ডা. মো. ওয়াসীম হোসেন, অ্যাডভোকেট জমসেদ আলী, সদিদ মো. সদরুল্লাহ, প্রফেসর ড. মো. মাসুদুল হাসান খান মুক্তা এবং ড. পারভেজ আজহারুল হক। পরে রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান ও রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন নবনির্বাচিত নেতাদের ফুলেল শুভেচ্ছা জানান। সভায় রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য, বার্ষিক সদস্য ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

