ঈশ্বরদী প্রতিনিধি: পাকশী রেলওয়ে জেলার রাজশাহী রেলওয়ে থানা পুলিশ মাদকবিরোধী অভিযানে ধূমকেতু এক্সপ্রেস ট্রেন থেকে ৭২৫ গ্রাম হেরোইন উদ্ধার করেছে। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য ৭২ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, পাকশী রেলওয়ে জেলার পুলিশ সুপার মো. মেহেদী হাসানের নির্দেশনায় এবং রাজশাহী রেলওয়ে থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে রোববার (৭ জুন) দুপুর সাড়ে ১টার দিকে ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ট্রেনের এক্সটা-২ বগির ৩৯ ও ৪০ নম্বর সিটের বাঙ্কারের ওপর রাখা একটি নীল রঙের সাদা হাতলযুক্ত ট্রাভেল ব্যাগ উদ্ধার করা হয়। পরে সাক্ষীদের উপস্থিতিতে ব্যাগটি তল্লাশি করে এর নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৮টি প্যাকেট থেকে মোট ৭২৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত প্যাকেটগুলোর মধ্যে ৭টিতে ১০০ গ্রাম করে মোট ৭০০ গ্রাম এবং অপর একটি প্যাকেটে ২৫ গ্রাম হেরোইন ছিল। পরবর্তীতে মাদকদ্রব্যগুলো জব্দতালিকা মূলে জব্দ করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে রাজশাহী রেলওয়ে থানা পুলিশ।

