বিএনপি নেতার মোটরসাইকেল চুরি, সিন্ডিকেটের’ হোতা আ.লীগ নেতা সালাম গ্রেপ্তার, মিলল একাধিক চুরির চাঞ্চল্যকর তথ্য!

0
বিএনপি নেতার মোটরসাইকেল চুরি, সিন্ডিকেটের’ হোতা আ.লীগ নেতা সালাম গ্রেপ্তার, মিলল একাধিক চুরির চাঞ্চল্যকর তথ্য!

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিএনপি নেতার মোটরসাইকেল চুরির অভিযোগে আব্দুস সালাম নামের এক সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ উঠেছে, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় একটি শক্তিশালী ‘মোটরসাইকেল চুরির সিন্ডিকেট’ পরিচালনা করে আসছিলেন, যার মাধ্যমে চুরি হওয়া গাড়ি ফেরত দেওয়ার নামে ভুক্তভোগীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া হতো।

মঙ্গলবার (৯ জুন) রাত ১১টার দিকে বালিয়াডাঙ্গী চৌরাস্তায় স্থানীয় জনতা ও ভুক্তভোগীরা তাকে অবরুদ্ধ করে রাখলে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে। বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার দুওসুও ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক ফরহাদ হোসেনের বাড়ি থেকে একটি ১৫০ সিসির মোটরসাইকেল চুরি হয়। চুরির পরদিনই দুওসুও ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম মোটরসাইকেলটি ফেরত দেওয়ার বিনিময়ে ফরহাদের কাছে ৩০ হাজার টাকা দাবি করেন। টাকা দিলে গাড়ি মিলবে—সালামের এমন প্রস্তাবে সন্দেহ হলে ফরহাদ হোসেন তাৎক্ষণিকভাবে বিষয়টি বালিয়াডাঙ্গী থানা পুলিশকে জানান।

পরের দিন মঙ্গলবার রাতে বালিয়াডাঙ্গী চৌরাস্তায় সালামকে দেখতে পেয়ে স্থানীয় লোকজন ও মোটরসাইকেলের মালিক তাকে অবরুদ্ধ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। পরে সালামের দেওয়া তথ্যের ভিত্তিতে মহিষমারী গ্রামের একটি বাঁশঝাড় থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি অক্ষত অবস্থায় উদ্ধার করে পুলিশ।

আওয়ামী লীগ নেতা আব্দুস সালামের গ্রেপ্তারের খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। সালামের এই ‘মোটরসাইকেল উদ্ধার বাণিজ্যের’ শিকার আরও অনেক ভুক্তভোগী ফেসবুকে মুখ খুলতে শুরু করেছেন:

সোহেল রানা নামে একজন পোস্ট করে লিখেছেন, *“আমার গাড়ি হারাইছিল, ৪৫ হাজার টাকা নিয়ে বের করে দিয়েছে আ.লীগ নেতা আব্দুস সালাম।” সাহেরুল ইসলাম নামে অপর এক ভুক্তভোগীর দাবি, “আমার কাছ থেকে মোটরসাইকেল উদ্ধার বাবদ ৫১ হাজার টাকা নেয় সালাম।” শাহজাহান নামের একজন তাঁর ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, “গত ২ বছর আগে ৬৫ হাজার টাকা দিয়ে পালসার গাড়ি উদ্ধার করেছি আব্দুস সালামের মাধ্যমে।”

এসব মন্তব্য থেকে স্পষ্ট যে, দীর্ঘদিন ধরে গাড়ি চুরির আড়ালে সাধারণ মানুষকে জিম্মি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিল এই চক্র।

গ্রেপ্তারকৃত আব্দুস সালাম ২০১৬ সালে আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীক নিয়ে দুওসুও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এছাড়া তিনি দুওসুও ইউনিয়ন যুবলীগের আইনবিষয়ক সম্পাদকের দায়িত্বে ছিলেন।

মোটরসাইকেলের মালিক ফরহাদ হোসেন বাদী হয়ে আব্দুস সালামকে প্রধান আসামি করে বালিয়াডাঙ্গী থানায় একটি চুরি ও চাঁদাবাজির মামলা দায়ের করেছেন।

বালিয়াডাঙ্গী থানার ওসি বুলবুল ইসলাম বলেন “মোটরসাইকেল চুরির সুনির্দিষ্ট অভিযোগে ইউপি চেয়ারম্যান আব্দুস সালামকে আটক করা হয়েছিল। আইনি প্রক্রিয়া শেষে মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয়েছে। এই চক্রের সাথে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।”