ধূমকেতু এক্সপ্রেসে ৩০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, আটক ১

0
ধূমকেতু এক্সপ্রেসে ৩০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, আটক ১

ঈশ্বরদী প্রতিনিধিঃ রাজশাহী থেকে ঢাকাগামী আন্তঃনগর ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ৩০ বোতল আমদানি নিষিদ্ধ এসকাফ সিরাপ উদ্ধার করেছে রাজশাহী রেলওয়ে থানা পুলিশ। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

পাকশী রেলওয়ে জেলার পুলিশ সুপার মোহা. মেহেদী হাসানের নির্দেশনায় এবং রাজশাহী রেলওয়ে থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে শনিবার (১৩ জুন) রাত সাড়ে ১২টার দিকে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি হরিয়ান রেলওয়ে স্টেশনের পশ্চিম আউটার অতিক্রমকালে ট্রেনের ‘গ’ বগির এসি বার্থ সিট নম্বর-১৬ এর নিচে থাকা একটি সাদা প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় ব্যাগের ভেতরে রাখা কার্টন থেকে ৩০ বোতল আমদানি নিষিদ্ধ Codeine Phosphate ও Triprolidine Hydrochloride সমৃদ্ধ Eskuf Syrup উদ্ধার করা হয়।

এ ঘটনায় মোঃ রবিউল ইসলাম (৬০), পিতা-মৃত আব্দুর রশিদ, গ্রাম-আলীমগঞ্জ, থানা-দামকুড়া, রাজশাহী মহানগরকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত সিরাপের মোট পরিমাণ ৩ হাজার মিলিলিটার এবং আনুমানিক মূল্য ৯০ হাজার টাকা।

এ ঘটনায় রাজশাহী রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৪(খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে আটক আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।