নাঙ্গলকোটে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ নরপশু গ্রেপ্তার

0
নাঙ্গলকোটে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ নরপশু গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার নাঙ্গলকোটে খালার বাড়ি থেকে ফেরার পথে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৩) সিএনজিচালিত অটোরিকশা থেকে অপহরণ করে পরিত্যক্ত বাড়িতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের লোমহর্ষক ঘটনা ঘটেছে। এই পৈশাচিকতায় জড়িত অটোরিকশাচালকসহ দুই অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ ভুক্তভোগী কিশোরীর মায়ের ফোন পেয়ে বুধবার (১৭ জুন) উপজেলার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে নাঙ্গলকোট থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের গতকাল দুপুরে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার হওয়া দুই আসামি হলো—উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের মোল্লা বাড়ির জয়নাল আহম্মদের ছেলে ও অটোরিকশাচালক রিয়াজ মোল্লা (২১) এবং অষ্টগ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ফয়েজ আহমেদ (২৬)। মামলার অপর আসামি আকরামকে (২৪) গ্রেপ্তারে পুলিশি তৎপরতা চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (১৫ জুন) বিকেলে নাঙ্গলকোটের শুভপুর গ্রামে খালার বাড়ি থেকে সাতবাড়িয়া যাওয়ার উদ্দেশ্যে রিয়াজ মোল্লার অটোরিকশায় ওঠে ওই শিক্ষার্থী। পথিমধ্যে বক্সগঞ্জ ইউনিয়নের বোড়রা গ্রামে পৌঁছালে চালক রিয়াজ গাড়ি নষ্ট হওয়ার ভান করে। এরপর সুকৌশলে কিশোরীকে তার সহযোগী অপর এক অটোরিকশাচালকের গাড়িতে তুলে দেয়।

গাড়িটি ‘জাকিরের ট্যাক’ নামক নির্জন স্থানে পৌঁছালে পূর্বপরিকল্পনা অনুযায়ী রিয়াজ তার বন্ধু ফয়েজ আহমেদকে নিয়ে অটোরিকশায় ওঠে। এরপর তারা ভয়ার্ত কিশোরীকে ফেনীতে মায়ের কাছে পৌঁছে দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে এবং ভয়ভীতি দেখিয়ে চৌদ্দগ্রামের পদ্ময়াসহ বিভিন্ন এলাকায় ঘোরাতে থাকে।

রাত গভীর হলে তারা তেতৈয়া গ্রামের জাফরের একটি পরিত্যক্ত বাড়িতে কিশোরীকে জিম্মি করে। সেখানে ফয়েজ আহমদ, রিয়াজ মোল্লা ও আকরাম মিলে সারারাত তাকে পালাক্রমে ধর্ষণ করে।

ঘটনার পরদিন মঙ্গলবার সকালে স্থানীয় এলাকাবাসী পরিত্যক্ত বাড়িটিতে কান্নাকাটির শব্দ পেয়ে কিশোরীকে উদ্ধার করে। পরে তারা তার জবানবন্দি রেকর্ড করে এবং ফেনীতে তার মায়ের কাছে পৌঁছে দেয়। মায়ের কাছে পুরো ঘটনা খুলে বলার পর বুধবার সকালে মা ঘটনাস্থলে এসে ৯৯৯ নম্বরে কল করে আইনি সহায়তা চান।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি গণধর্ষণ মামলা দায়ের করেছেন।

আজ বৃহস্পতিবার (১৮ জুন) কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে ভুক্তভোগী কিশোরীর ডিএনএ প্রোফাইলিং ও ফরেনসিক ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হবে। ওসি আরও জানান, ঘটনার সাথে জড়িত পলাতক আসামি আকরামসহ বাকিদের দ্রুততম সময়ে আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।