জয়নাল আবেদীনঃ রংপুরের তারাগঞ্জে মায়ের ওপর অভিমান করে বাড়ি থেকে বের হওয়া দ্বিতীয় শ্রেণির এক শিশুকে (৯) পাটক্ষেতে নিয়ে পাশবিক নির্যাতন ও শ্বাসরোধে হত্যার ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত যুবকের নাম মুজাহিদ ইসলাম (১৮)। সে আদালতে নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দিও দিয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) বিকেলে তারাগঞ্জ থানা চত্বরে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে রংপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোজাম্মেল হক এই তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, গত সোমবার (২২ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ভীমপুর কোরানীপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে অভিযুক্ত মুজাহিদকে গ্রেপ্তার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সুশান্ত কুমার রায়ের নেতৃত্বে জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি চৌকস দল এই বিশেষ অভিযান পরিচালনা করে।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান “প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুজাহিদ ঘটনার সত্যতা স্বীকার করেছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে সে বিচারকের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।”
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৯ জুন) দুপুরে তারাগঞ্জের আলমপুর ইউনিয়নের ভীমপুর কোরানীপাড়া গ্রামের বাসিন্দা ছায়দুল ইসলামের মেয়ে সানজিদা আক্তার মায়ের বকুনি খেয়ে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর সে আর বাড়ি ফেরেনি। স্বজনরা চারদিকে খোঁজাখুঁজি ও এলাকায় মাইকিং করেও তার কোনো সন্ধান পাননি।
পরদিন শনিবার সকালে স্থানীয় বাসিন্দারা ডালিয়া সেচ ক্যানেল সংলগ্ন একটি পাটক্ষেতে সানজিদার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
তদন্তে বেরিয়ে এসেছে ঘটনার নির্মম বর্ণনা। এসপি মোজাম্মেল হক জানান, শুক্রবার জুমার নামাজের পর শিশু সানজিদা রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একা পেয়ে ওত পেতে থাকা মুজাহিদ তাকে কৌশলে পাটক্ষেতের ভেতরে নিয়ে যায়। সেখানে মোবাইল ফোনে একটি ভিডিও দেখানোর নাম করে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে সে। এ সময় যন্ত্রণায় শিশুটি চিৎকার করতে শুরু করলে মুজাহিদ তার বুকের ওপর চড়ে বসে এবং দুই হাত দিয়ে গলা টিপে ধরে। শ্বাসরোধে সানজিদার মৃত্যু নিশ্চিত করার পর মরদেহ ফেলে পালিয়ে যায় ঘাতক।
মরদেহ উদ্ধারের পর পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় গত রোববার নিহতের বাবা ছায়দুল ইসলাম বাদী হয়ে তারাগঞ্জ থানায় অজ্ঞাতনামাদের আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। সেই মামলার সূত্র ধরেই পুলিশ ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামিকে সনাক্ত ও গ্রেপ্তার করতে সক্ষম হয়। এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং এলাকাবাসী অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

