‘প্রতিশ্রুতি নয়, এবার কাজ চাই’: ডব্লিউইএফ সম্মেলনে জলবায়ু সুরক্ষায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৩ দফা রূপরেখা

0
'প্রতিশ্রুতি নয়, এবার কাজ চাই': ডব্লিউইএফ সম্মেলনে জলবায়ু সুরক্ষায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৩ দফা রূপরেখা

আজকের ডেস্কঃ জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে বিশ্বজুড়ে বিপন্ন কোটি কোটি মানুষের জীবন রক্ষায় বিশ্বনেতাদের কেবল প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ না থেকে তা দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, “এখন সময় এসেছে জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতিকে কাজে এবং অঙ্গীকারকে ফলাফলে পরিণত করার, যাতে বিশ্ব আত্মবিশ্বাসের সাথে ভবিষ্যৎকে আলিঙ্গন করতে পারে।”

মঙ্গলবার (২৩ জুন) চীনের দালিয়ান ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ১৭তম ‘অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়ন্স’-এ ‘শিফটিং গ্লোবাল ল্যান্ডস্কেপে ক্লাইমেট লিডার’ শীর্ষক বিশেষ অধিবেশনে উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে কোনো একক দেশের পক্ষে জলবায়ু সহনশীলতা গড়ে তোলা অসম্ভব উল্লেখ করে অংশীদারিত্ব ও প্রযুক্তির ওপর জোর দেন। আসন্ন কপ-৩১ ও কপ-৩২ সম্মেলনকে সামনে রেখে তিনি ৩টি সুনির্দিষ্ট অগ্রাধিকার বা রূপরেখা পেশ করেন:

ক্ষয়ক্ষতি তহবিল বাস্তবায়ন: ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য সহজলভ্য ও অনুমানযোগ্য সহায়তাসহ ‘ক্ষয়ক্ষতি তহবিল’ (Loss and Damage Fund)-কে কাগজের প্রতিশ্রুতি থেকে বাস্তবে রূপ দিতে হবে।

অর্থায়ন ও প্রযুক্তি হস্তান্তর সহজ করা: জলবায়ু অর্থায়নকে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজসাধ্য ও চাহিদা-সাপেক্ষ করতে হবে। প্রযুক্তি হস্তান্তর এবং বেসরকারি খাতের বিনিয়োগ ত্বরান্বিত করতে ‘সবুজ জলবায়ু তহবিল’ (GCF)-এর কার্যকর সংহতকরণ প্রয়োজন।

অভিযোজনকে অগ্রাধিকার দেওয়া: উন্নয়নশীল দেশগুলোর জন্য ৩০০ বিলিয়ন ডলারের নতুন যৌথ লক্ষ্যমাত্রা (NCQG) অপর্যাপ্ত। তাই প্রশমনের পাশাপাশি অভিযোজনকে অপরিহার্য নীতি হিসেবে গ্রহণ করতে হবে।

“বাংলাদেশ বিশ্বাস করে, জলবায়ু কার্যক্রম কোনো আর্থিক ব্যয় নয়; বরং এটি আমাদের সমৃদ্ধি, স্থিতিশীলতা এবং একটি যৌথ টেকসই ভবিষ্যতের জন্য অত্যন্ত লাভজনক একটি বিনিয়োগ।” — প্রধানমন্ত্রী তারেক রহমান

নির্বাচনি ইশতেহার অনুযায়ী বাংলাদেশ সরকারকে একটি অগ্রণী জলবায়ু-সহনশীল রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী দেশে চলমান ও আগামী ৫ বছরের বেশ কিছু মেগা প্রকল্পের তথ্য তুলে ধরেন:

আগামী ৫ বছরে দেশের প্রায় ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন করা হবে। পানি নিরাপত্তা ও জলবায়ু অভিঘাত মোকাবিলায় প্রধান নদীর ওপর পদ্মা ব্যারেজ নির্মাণ এবং উত্তরাঞ্চলের তিস্তা ব্যারেজ আধুনিকীকরণের মহাপরিকল্পনা এগিয়ে নেওয়া হচ্ছে।

আগামী ৫ বছরে দেশব্যাপী ২৫ কোটি গাছ লাগানো ও রক্ষণাবেক্ষণের অঙ্গীকার করা হয়েছে। তরুণদের সম্পৃক্ত করতে চালু হচ্ছে ‘এক শিক্ষার্থী, এক গাছ কর্মসূচি’। ২০৩০ সালের মধ্যে সৌর, বায়ু এবং বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে দেশের মোট বিদ্যুতের অন্তত ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে মেটানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। দেশে সবুজ বিনিয়োগ ও কার্বন-ক্রেডিটের সুযোগ বাড়াতে একটি ‘জাতীয় কার্বন বাজার’ গড়ে তোলা হবে। একই সাথে পাটজাত পণ্য ও বৈদ্যুতিক যানবাহনের মতো পরিবেশবান্ধব শিল্পকে উৎসাহিত করা হচ্ছে।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে বাংলাদেশের পরিবেশবান্ধব শিল্পায়নের এক গৌরবোজ্জ্বল তথ্য বিশ্বমঞ্চে তুলে ধরেন। তিনি বলেন, “আমরা সবুজ উৎপাদন নিশ্চিত করতে ইতোমধ্যে ব্যাপক অগ্রগতি অর্জন করেছি। অত্যন্ত গর্বের বিষয় যে, বর্তমানে বিশ্বের শীর্ষ ১০০টি লিড (LEED) প্রত্যয়িত পরিবেশবান্ধব কারখানার মধ্যে ৬৯ টিই বাংলাদেশের।”

পরিশেষে, বিশ্ব অর্থনৈতিক ফোরামকে সংলাপ ও সম্মিলিত পদক্ষেপের একটি মূল্যবান মঞ্চ হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বনেতাদের সমস্ত রাজনৈতিক মতপার্থক্য ভুলে মানবজাতির সুরক্ষায় প্যারিস চুক্তির চেতনাকে সমুন্নত রাখার আহ্বান জানান।