চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৪৪৩ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

0
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৪৪৩ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী অভিযান জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় ৫৩ বিজিবির একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়েছে।

শনিবার (২৭ জুন) ভোর সাড়ে ৪টার সময় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধীনস্থ মাসুদপুর বিওপি গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের চৌধুরী স্মরণী গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৪৪৩ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি জানায়, জব্দকৃত এস্কাফ সিরাপের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৭৭ হাজার ২০০ টাকা। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মাদকদ্রব্য শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।

জুন মাসজুড়ে মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য

৫৩ বিজিবি সূত্রে জানা যায়, চলতি জুন মাসে সীমান্ত এলাকায় ধারাবাহিক মাদকবিরোধী অভিযানে ১ জন আসামিকে আটক করা হয়েছে। একই সময়ে জব্দ করা হয়েছে ১,১৬১ বোতল এস্কাফ, ১৮৭ বোতল ফেয়ারডিল সিরাপ, ৪০ পিস ইয়াবা ট্যাবলেট

এসব মাদকের মোট আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৫১ হাজার ২০০ টাকা।

সীমান্তে জিরো টলারেন্স নীতিতে বিজিবি

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা, পুশ-ইন প্রতিরোধ, মাদক ও অন্যান্য অবৈধ চোরাচালান দমন এবং বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সীমান্তকে নিরাপদ রাখা এবং মাদকমুক্ত সমাজ গঠনে বিজিবি নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।

স্থানীয় সচেতন মহল মনে করছে, সীমান্ত এলাকায় বিজিবির ধারাবাহিক অভিযান অব্যাহত থাকলে মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।