গোপালগঞ্জে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ : মাদরাসা প্রধান গ্রেপ্তার

0
গোপালগঞ্জে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ : মাদরাসা প্রধান গ্রেপ্তার

গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় প্রথম শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে (৬) একাধিকবার ধর্ষণ এবং ঘটনা প্রকাশ করলে মেরে কবরস্থানে পুঁতে ফেলার হুমকির অভিযোগ উঠেছে এক মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে। এই লোমহর্ষক ঘটনায় অভিযুক্ত কওমি মাদরাসা ও এতিমখানার মোহতামিম (প্রধান) মাওলানা মুস্তাফিজুর রহমানকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।

অভিযুক্ত মুস্তাফিজুর রহমানের বাড়ি কাশিয়ানী উপজেলার রামদিয়া গ্রামে। নির্যাতনের শিকার শিশুটির মায়ের দায়ের করা মামলায় শনিবার তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত ২৫ জুন সকাল পৌনে ১১টার দিকে মাদরাসার টিফিন চলাকালীন সময়ে অভিযুক্ত শিক্ষক শিশুটিকে ফুসলিয়ে তার অফিস কক্ষে ডেকে নেন এবং সেখানে তাকে ধর্ষণ করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত তিন মাস ধরে প্রথম শ্রেণির ওই শিশুটিকে নানা ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেছেন ওই শিক্ষক।

দীর্ঘদিন ধরে চলা এই পাশবিক নির্যাতন ও ভয়ের কথা সংবাদমাধ্যমের কাছে তুলে ধরেন শিশুটির মা। তিনি জানান “গত শুক্রবার (২৬ জুন) বিকেলে আমার মেয়ে বাথরুমে দীর্ঘক্ষণ কান্নাকাটি করে। পরে রান্নাঘরে এসে তীব্র ব্যথায় চিৎকার করে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে বলে। তখনই সে সব কথা খুলে বলে।”

তিনি আরও জানান, শিশুটি যেন মুখ না খোলে সেজন্য তাকে অবর্ণনীয় ভয় দেখানো হয়েছিল। অভিযুক্ত শিক্ষক তাকে হুমকি দিয়ে বলেছিলেন, “যদি কাউকে কিছু বলিস, তাহলে এই লাঠি দিয়ে তোর মাথা ফাটিয়ে মেরে মাদরাসার পাশের কবরস্থানে পুঁতে দেব।” ভুক্তভোগী মা এই জঘন্য অপরাধের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটির মায়ের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের পরপরই পুলিশ তৎপর হয়ে ওঠে।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবারই মূল অভিযুক্ত মাওলানা মুস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া ও তদন্ত জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।