
কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় এক মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে খোকন ওরফে ‘জুয়াড়ি লেংড়া খোকন’ নামে স্থানীয় এক বিএনপি কর্মীর বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুরো এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত খোকন পলাতক থাকায় তাকে গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান চালাচ্ছে পুলিশ।
গত বৃহস্পতিবার (২ জুলাই) দিবাগত রাতে উপজেলার বারপাড়া ইউনিয়নের বিজয়পুর বাজারে এই লোহমর্ষক ও জঘন্য ঘটনাটি ঘটে। অভিযুক্ত খোকন বারপাড়া ইউনিয়নের উত্তর দুর্গাপুর গ্রামের মৃত দুলাল মিয়ার ছেলে এবং স্থানীয়ভাবে বিএনপির একজন কর্মী হিসেবে পরিচিত।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় ওই মানসিক ভারসাম্যহীন নারী বিজয়পুর বাজারের একটি লাইব্রেরির সামনে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে নির্জনতার সুযোগ নিয়ে খোকন তাকে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র অসন্তোষ ও ক্ষোভের আগুন জ্বলে ওঠে। এলাকাবাসী অবিলম্বে এই পাষণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ঘটনাটি নিয়ে রাজনৈতিক অঙ্গনেও তোলপাড় শুরু হয়েছে। তবে বারপাড়া ইউনিয়ন বিএনপির ৩ নম্বর ওয়ার্ড সভাপতি সফিকুল ইসলাম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অপরাধীর কোনো দলীয় পরিচয় হতে পারে না। তিনি বলেন “অভিযুক্ত খোকন দলের কোনো পদধারী নেতা নন, সাধারণ একজন কর্মী মাত্র। এ ধরনের জঘন্য ও নিন্দনীয় অপকর্মের সঙ্গে দলের দূরতম কোনো সম্পর্ক নেই। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দলীয়ভাবে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে আইনগত ব্যবস্থা গ্রহণে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে।”
অন্য দিকে, বিজয়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি তুহিন জানান, অভিযুক্ত খোকনকে খুঁজে বের করার জন্য স্থানীয়ভাবেও চেষ্টা চালানো হচ্ছে। তাকে পাওয়া মাত্রই পুলিশের হাতে সোপর্দ করা হবে।
এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, ঘটনাটি জানার পর থেকেই পুলিশ তৎপর রয়েছে।
তিনি বলেন, “ঘটনার পর থেকেই অভিযুক্ত খোকন আত্মগোপনে চলে গেছে। তবে তাকে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে এবং বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ বিষয়ে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
