নরসিংদী প্রতিনিধিঃ স্বাস্থ্য খাতে যেকোনো ধরনের দুর্নীতি, অনিয়ম ও অবহেলার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অনিয়ম করলে এখন থেকে আর বদলি নয়, সরাসরি চাকরিচ্যুতির কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আজ শনিবার দুপুরে নরসিংদীর শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত নরসিংদী ডায়াবেটিক সমিতির ৩১তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে ঘুষ-বাণিজ্য বন্ধের ওপর কড়া হুঁশিয়ারি দেন। তিনি বলেন, “আমি ট্রান্সফার বা বদলিতে বিশ্বাস করি না। যেখানে অবহেলা ও দুর্নীতি দেখা যাবে, সেখানেই সরাসরি চাকরিচ্যুতি হবে। দুর্নীতি ও ঘুষ-বাণিজ্যকে আমরা কোনোভাবেই প্রশ্রয় দেব না। আমাদের এবারের বাজেট কোনো সাধারণ টাকার বাজেট নয়, এটি একটি ‘আদর্শের বাজেট’। প্রতিটি আদর্শকে দুর্নীতিমুক্ত উপায়ে মাঠে বাস্তবায়ন করা হবে।”
চলতি বছরেই দেশের স্বাস্থ্য ব্যবস্থায় আমূল পরিবর্তন বা একটি ‘বিপ্লবের সূচনা’ করার প্রত্যয় ব্যক্ত করে মন্ত্রী বেশ কিছু নতুন কর্মসূচির ঘোষণা দেন:
মেডিকেল কলেজে ডায়ালাইসিস সেন্টার: দেশের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যাবিশিষ্ট আধুনিক ডায়ালাইসিস সেন্টার স্থাপন করা হবে।
তৃণমূল স্বাস্থ্যসেবার আধুনিকায়ন: ইউনিয়ন পর্যায়ের কমিউনিটি ক্লিনিকগুলোকে নতুনভাবে সংস্কার ও সুসজ্জিত করে সেখানে আরও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি ফ্যামিলি প্ল্যানিং (পরিবার পরিকল্পনা) সেন্টারগুলোর মানোন্নয়ন করা হবে।
চীনা অর্থায়নে অত্যাধুনিক হাসপাতাল: চীনের সহযোগিতায় বাংলাদেশে যে ১৮টি অত্যাধুনিক হাসপাতাল নির্মিত হতে যাচ্ছে, তার একটি নরসিংদী শহরের কাছাকাছি কোনো সুবিধাজনক স্থানে স্থাপন করা হবে।
এ বছরই চালু হচ্ছে নরসিংদী মেডিকেল কলেজ
স্থানীয় স্বাস্থ্যসেবা ও শিক্ষার উন্নয়নে স্বাস্থ্যমন্ত্রী একটি বড় সুখবর দিয়ে জানান, এ বছরই মাত্র ৫০ জন শিক্ষার্থী নিয়ে বহুল প্রতীক্ষিত ‘নরসিংদী মেডিকেল কলেজ’-এর শিক্ষা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে।
স্থায়ী ক্যাম্পাস নির্মিত না হওয়া পর্যন্ত বিকল্প ব্যবস্থা হিসেবে নরসিংদী নার্সিং ইনস্টিটিউটে মেডিকেল শিক্ষার্থীদের ক্লাস নেওয়া হবে। আর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ক্লাস সাময়িকভাবে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের নতুন ভবনে স্থানান্তরিত হবে। কলেজের স্থায়ী ক্যাম্পাসের জন্য দ্রুততম সময়ে জায়গা নির্ধারণ করে নতুন ভবনের নির্মাণকাজ শুরু হবে বলে জানান তিনি।
নরসিংদীর জেলা প্রশাসক ও ডায়াবেটিক সমিতির সভাপতি ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে এই বার্ষিক সাধারণ সভার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, মঞ্জুর এলাহী, সংসদ সদস্য (নরসিংদী-৩, শিবপুর),আশরাফ উদ্দিন বকুল, সংসদ সদস্য (নরসিংদী-৫, রায়পুরা),তোফাজ্জল হোসেন, চেয়ারম্যান, জেলা পরিষদ, নরসিংদী।
এ ছাড়া নরসিংদী ডায়াবেটিক সমিতির সদস্যবৃন্দ ও আমন্ত্রিত গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় অংশ নেন।

