ময়মনসিংহে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড; মোটরসাইকেলে অগ্নিসংযোগ, জিজ্ঞাসাবাদের জন্য আটক ২
ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহে মায়ের ওপর হওয়া ধর্ষণের প্রতিশোধ নিতে রাজিব আহমেদ ওরফে রুবেল (৪০) নামের এক যুবককে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে ভুক্তভোগী নারীর চার ছেলের বিরুদ্ধে। রবিবার (৫ জুলাই) সকালে নগরীর ৩৬ বাড়ি কলোনি এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ কল পেয়ে দুপুরে পুলিশ নিহতের শয়নকক্ষ থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার করে।
নিহত রুবেল নগরীর আর কে মিশন রোড এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে। তিনি মাদকসহ একাধিক মামলার আসামি এবং ওই কলোনিতে বাসা ভাড়া নিয়ে বন্ধুদের সঙ্গে থাকতেন বলে পুলিশ নিশ্চিত করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকাল সাড়ে ১০টার দিকে ৩৬ বাড়ি কলোনির বাসিন্দা ইসমাইল হোসেনের স্ত্রী পারুল আক্তারের ভাড়া বাসায় রুবেলকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়। ঘটনার সময় হামলাকারীরা বাসার সামনে থাকা রুবেলের চাচাতো ভাই মো. শুভর একটি মোটরসাইকেলেও আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিছানার ওপর থেকে রুবেলের গলাকাটা মরদেহ উদ্ধার করে। মরদেহের পাশ থেকে একটি মদের বোতলও জব্দ করা হয়েছে। বর্তমানে মরদেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ঘটনার নেপথ্যের কারণ সম্পর্কে ময়মনসিংহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল জানান, গত শনিবার (৪ জুলাই) এক নারী ধর্ষণের অভিযোগ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ওই ধর্ষণের ঘটনার জের ধরেই ক্ষুব্ধ হয়ে ওই নারীর চার ছেলে মিলে রুবেলকে গলা কেটে হত্যা করেছে।
তিনি আরও জানান, রবিবার দুপুরে ময়মনসিংহ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জিজ্ঞাসাবাদের জন্য হাসপাতাল থেকে ওই নারী ও তার দুই ছেলেকে নিজেদের হেফাজতে নিয়েছেন।
এদিকে ময়মনসিংহ পিবিআই-এর পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানিয়েছেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষেই বিস্তারিত ক্লু নিশ্চিত করা যাবে।
হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে জেলা পুলিশও জোর তৎপরতা শুরু করেছে। ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান জানান, “আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে কাজ চলছে। জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যে মো. রনি মিয়া (২৭) ও স্বজল (৩৫) নামের দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।”

