দেশে প্রথমবারের মতো উদ্যাপিত হচ্ছে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’
আজকের ডেস্কঃ গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৬ জুলাই) দেশে প্রথমবারের মতো উদ্যাপিত হতে যাওয়া ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উপলক্ষে রবিবার (৫ জুলাই) দেওয়া এক বাণীতে তিনি এ মন্তব্য করেন। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘উন্নত পল্লি, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’।
প্রধানমন্ত্রী বলেন, একটি ন্যায়ভিত্তিক, অংশগ্রহণমূলক ও জনকল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান সরকার উন্নয়নের মূলধারায় দেশের প্রতিটি মানুষকে সম্পৃক্ত করতে চায়। উন্নত পল্লি ছাড়া সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়। সেই লক্ষ্যকে আরও সুদৃঢ় করার প্রত্যয়ে দেশে প্রথমবারের মতো এই দিবস উদ্যাপন একটি সময়োপযোগী উদ্যোগ।
বাণীতে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশের অর্থনীতি, সংস্কৃতি ও সামাজিক জীবনের প্রাণকেন্দ্র হচ্ছে আমাদের পল্লি। দেশের প্রায় ৬৮ শতাংশ মানুষ গ্রামে বসবাস করে এবং কৃষি, ক্ষুদ্র উদ্যোগ, কুটিরশিল্প ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তাই পল্লি উন্নয়ন কেবল একটি খাতভিত্তিক কর্মসূচি নয়; বরং এটি সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ বিনির্মাণের অন্যতম প্রধান ভিত্তি। গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়ন, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমেই দেশের সামগ্রিক উন্নয়নকে গতিশীল ও স্থায়ী করা সম্ভব।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান স্মরণ করে তারেক রহমান বলেন, ১৯৭৭ সালে ১৯ দফা কর্মসূচি ঘোষণার মাধ্যমে জাতীয় উন্নয়নের একটি সুদূরপ্রসারী রূপরেখা প্রণয়ন করেছিলেন মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কৃষি উন্নয়নের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা, নারী মর্যাদা প্রতিষ্ঠা, যুবসমাজকে সুসংগঠিত করা এবং প্রশাসন বিকেন্দ্রীকরণ ছিল এর মূল লক্ষ্য। এছাড়া তৃণমূল জনগণকে উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে তার প্রবর্তিত ‘গ্রাম সরকার ব্যবস্থা’ স্থানীয় উন্নয়ন কার্যক্রমকে নতুন প্রাতিষ্ঠানিক ভিত্তি প্রদান করেছিল।
উন্নয়নের এই ধারাবাহিকতায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময়ে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং দারিদ্র্য বিমোচনকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল। গ্রামীণ সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, কৃষি ঋণ মওকুফ এবং ক্ষুদ্র ঋণ কর্মসূচির মাধ্যমে পল্লি অর্থনীতিকে শক্তিশালী করা হয়েছিল, যা মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখে।
প্রধানমন্ত্রী আরও বলেন, দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় পর স্বাধীনতা ও গণতন্ত্রপ্রিয় জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে বর্তমান নির্বাচিত সরকারের মাধ্যমে। সরকার এরই মধ্যে নির্বাচনি ইশতেহার-২০২৬ বাস্তবায়নের অংশ হিসেবে পল্লির দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, খাল পুনঃখনন, কৃষি ঋণ মওকুফ এবং নারী ও যুবসমাজের দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে।
একটি সমৃদ্ধ ও স্বনির্ভর পল্লি গড়ে তুলতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সব দপ্তর-সংস্থাসহ সংশ্লিষ্ট অংশীজনকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে দেশের পল্লি অঞ্চল আরও আধুনিক ও উৎপাদনশীল হয়ে উঠবে।
পরিশেষে, ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সার্বিক সফলতা কামনা করে পল্লিবাসীসহ দেশের সব জনগণকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।

