শাহজাদপুর প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার খামারশালিনা গ্রামে ৫ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে রফিকুল ইসলাম নামে এক গ্রাম ডাক্তারকে আসামি করে গত রোববার বিকেলে শাহজাদপুর থানায় ধর্ষন মামলা দায়ের করেছেন। অভিযুক্ত রফিকুল ইসলাম বিলকলমি পশ্চিমপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফিরোজা বেগমের স্বামী। ভুক্তভোগী শিক্ষার্থী ওই স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী। এদিকে মামলা দায়েরের পর থেকে অভিযুক্ত রফিকুল পলাতক রয়েছেন।
মামলা বিবরণ ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা গেছে , ধর্ষণের শিকার শিক্ষার্থী তার বাড়ির অদূরে বিলকলমি পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির ছাত্রী। ওই বিদ্যালযের শিক্ষিকা ফিরোজা বেগম বিভিন্ন সময় বাড়ির ছোটখাটো কাজের জন্য স্কুলের শিক্ষার্থীদের নিজ বাড়িতে ডেকে আনতেন । সেই সুযোগে শিক্ষিকার স্বামী গ্রাম্য চিকিৎসক রফিকুল ইসলাম নিজের মোবাইল ফোনে অশ্লীল ভিডিও দেখিয়ে শিক্ষার্থীদের নানাভাবে উত্তক্ত করতেন । একপর্যায়ে গত ২৮ জুন রফিকুল ইসলাম কৌশলে ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে বাড়িতে ডেকে আনেন। ওই সময় বাড়িতে অন্য কেউ না থাকায় তিনি ওই ছাত্রীর মুখে গামছা দিয়ে চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করেন। এমনকি ঘটনাটি প্রকাশ করলে ওই ছাত্রীকে মেরে ফেলার হুমকিও দেন রফিকুল। প্রান ভয়ে ওই ছাত্রী ঘটনাটি গোপন রাখে । একপর্যায়ে গত শুক্রবার অভিযুক্ত রফিকুল পুনরায় ওই ছাত্রীকে কুপ্রস্তাব দিলে ভুক্তভোগী শিক্ষার্থী পরিবারের সদস্যদের পুরো ঘটনা জানায়। পরে পরিবারের সদস্যরা প্রথমে গ্রামের প্রধানদের বিষয়টি অবহিত করেন। কিন্তু গ্রামের প্রধানবর্গ কোন ব্যবস্থা না নেওয়ায় গত রোববার (৫ জুলাই) শাহজাদপুর থানায় ধর্ষন মামলা দায়ের করা হয়।
এ বিষয়ে সোমবার (৬ জুলাই) শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, উপজেলার খামারশালিনা গ্রামের ৫ম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে তার মা বাদি হয়ে রফিকুল ইসলাম নামে একজনকে আসামি করে থানায় মামলা করেছেন। অভিযুক্ত রফিকুলকে গ্রেফতারে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে।

