কুলিয়ারচর প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচরে দুর্বৃত্তদের অতর্কিত হামলায় জুয়েল মিয়া (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১০ জুলাই) বিকেলে উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের বড়চারা বাজার সংলগ্ন এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত জুয়েল মিয়া উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর বুধাইবাড়ি গ্রামের অটোরিকশাচালক মো. কুদ্দুস মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর ও বড়চারা এলাকার কয়েকজন যুবকের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরেই হামলার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। এলাকাবাসীর দাবি, জুয়েল ওই বিরোধের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না; তিনি পরিস্থিতির শিকার হয়ে প্রাণ হারিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে জুয়েল এক বন্ধুর ডিম বহনকারী গাড়িতে করে আগরপুর বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। পথে বড়চারা বাজার থেকে প্রায় ১০০ গজ পশ্চিমে, পশ্চিম আব্দুল্লাহপুর যাওয়ার মোড়ে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত গাড়িটির গতিরোধ করে। পরে তারা জুয়েলকে জোরপূর্বক গাড়ি থেকে নামিয়ে প্রকাশ্যে এলোপাতাড়ি মারধর করে। গুরুতর আহত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন জুয়েলকে উদ্ধার করে দ্রুত ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জুয়েলের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে লক্ষ্মীপুর বাজার ও বুধাইবাড়ি গ্রামে উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে কুলিয়ারচর থানা পুলিশ ঘটনাস্থল ও নিহতের বাড়ি পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের পরিবার ও এলাকাবাসী। কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দীন বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল ও নিহতের বাড়ি পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। হত্যার কারণ উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

