জিয়া হত্যার ঘাতক মেজর মোজাফফর বনানীতে গ্রেপ্তার: ৪৫ বছর পর উন্মোচিত হলো ত্রিপুরায় ১৬ বছর আত্মগোপন ও আওয়ামী লীগ আমলে ফেরার চাঞ্চল্যকর কাহিনী

0
জিয়া হত্যার ঘাতক মেজর মোজাফফর বনানীতে গ্রেপ্তার: ৪৫ বছর পর উন্মোচিত হলো ত্রিপুরায় ১৬ বছর আত্মগোপন ও আওয়ামী লীগ আমলে ফেরার চাঞ্চল্যকর কাহিনী

এনামুল হকঃ সাড়ে চার দশক আগে চট্টগ্রামের সার্কিট হাউসে তৎকালীন রাষ্ট্রপতি ও বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যাকাণ্ডের অন্যতম প্রধান পরিকল্পনাকারী ও পলাতক আসামি সাবেক সেনা কর্মকর্তা মেজর মোহাম্মদ মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গত বুধবার (১৫ জুলাই) রাতে রাজধানীর বনানী ডিওএইচএসের একটি গোপন আস্তানা থেকে ডিবির প্রধান শফিকুল ইসলামের নেতৃত্বে এক ঝটিকা অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে সেনাবাহিনীর মিলিটারি পুলিশের (এমপি) কাছে হস্তান্তর করা হয়েছে।

মেজর মোজাফফর গ্রেপ্তারের মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসের অন্যতম নৃশংস ও আলোচিত রাজনৈতিক হত্যাকাণ্ডের একটি দীর্ঘদিনের অমীমাংসিত অধ্যায়ে নতুন আইনি অগ্রগতির সূচনা হলো।

গ্রেপ্তারের পর ডিবির জিজ্ঞাসাবাদে মেজর মোজাফফর গত ৪৫ বছরের আত্মগোপন ও পলায়ন পর্বের রোমহর্ষক বিবরণ দিয়েছেন। তিনি জানান ১৯৮১ সালের ৩০ মে ভোরে হত্যাকাণ্ডের পর যখন অভ্যুত্থান ব্যর্থ হয়, তখন তিনি সেনাবিদ্রোহের অন্যতম নায়ক মেজর জেনারেল মঞ্জুরের গাড়িতে করে চট্টগ্রাম সেনানিবাস ছেড়ে ভারতের উদ্দেশ্যে পালাচ্ছিলেন। কিন্তু পথিমধ্যে সরকারি বাহিনীর সাথে তীব্র গোলাগুলি শুরু হলে তারা পিছু হটেন।

এরপর তিনি মঞ্জুরের গাড়ি থেকে নেমে অপর বিদ্রোহী কর্মকর্তা মেজর ওসমানের গাড়িতে ওঠেন। রাস্তায় কয়েকজন সেনা কর্মকর্তার লাশ পড়ে থাকতে দেখেন তারা। একপর্যায়ে গাড়ি ছেড়ে ফটিকছড়ি সীমান্ত এলাকার একটি বাড়িতে ১৬ দিন আত্মগোপন করে থাকেন। এরপর সীমান্ত পাড়ি দিয়ে ভারতের ত্রিপুরায় প্রবেশ করেন।

ভারতে গিয়ে পরিচয় গোপন করে দীর্ঘ ১৬ বছর ছদ্মনামে স্থায়ীভাবে বসবাস ও ব্যবসা-বাণিজ্য শুরু করেন মোজাফফর। দীর্ঘ ১৬ বছর পর ১৯৯৭ সালে তিনি বাংলাদেশে ফিরে আসেন। তখন দেশে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। দেশে ফিরেও তিনি সম্পূর্ণ ছদ্মবেশে বনানী ডিওএইচএসে আত্মগোপন করে ছিলেন।

জিজ্ঞাসাবাদে মোজাফফর জানান, তিনি মূলত সাবেক ‘রক্ষী বাহিনী’র সদস্য ছিলেন, পরে সেনাবাহিনীতে মেজর পদে যোগ দেন। কিন্তু তৎকালীন সেনা প্রশাসনে পদোন্নতি বঞ্চিত হওয়ায় জিয়াউর রহমান ও সেনা প্রশাসনের ওপর তাঁর তীব্র ক্ষোভ ছিল।

তিনি স্বীকার করেন, জিয়াউর রহমানকে হত্যার আগে সেনাবাহিনীর একটি বিদ্রোহী দল চট্টগ্রামের কালুরঘাটে গোপন বৈঠক করেছিল, যেখানে মোজাফফর নিজেও উপস্থিত ছিলেন। ওই বৈঠকেই ২০ জনের একটি সুনির্দিষ্ট ঘাতক দল গঠন করা হয়। পরিকল্পনা এতটাই সুদূরপ্রসারী ছিল যে, হত্যাকাণ্ডের পর জিয়ার লাশ কোন পাহাড়ে দাফন করা হবে, সেই জায়গাও আগে থেকে ঠিক করে রেখেছিল ঘাতকেরা।

১৯৮১ সালের ২৯ মে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের অভ্যন্তরীণ বিরোধ মেটাতে দুদিনের সফরে চট্টগ্রাম যান রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ৩০ মে ভোরে ৩টি পিকআপ ও ২টি জিপে করে ঘাতক দলটি সার্কিট হাউসে প্রবেশ করে। একটি দল সরাসরি রাষ্ট্রপতির ওপর গুলি চালায় এবং তিনি ঘটনাস্থলেই নিহত হন। পরে তাঁর লাশ গোপনে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার পাহাড়ি এলাকায় কবর দেওয়া হয়েছিল, যা পরবর্তীতে ২ জুন তুলে এনে ঢাকার সংসদ ভবনের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

ঘটনার পর তৎকালীন সেনাপ্রধান হুসেইন মুহাম্মদ এরশাদের নির্দেশে বিদ্রোহ দমনের পর ১৮ জন সেনা কর্মকর্তার বিচার করা হয়েছিল। যার মধ্যে ১৩ জনের ফাঁসি ও বাকিদের কারাদণ্ড হয়। তবে মেজর খালেদ ও মেজর মোজাফফর পুরস্কার ঘোষিত আসামি হওয়া সত্ত্বেও পালিয়ে যেতে সক্ষম হন।

ডিবি প্রধান শফিকুল ইসলাম জানিয়েছেন, “আইন ও নিয়ম অনুযায়ী মেজর মোজাফফরকে তাঁর নিজস্ব বাহিনী তথা সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। হস্তান্তরের সময় তাঁর ব্যক্তিগত মোবাইল ফোনটিও জব্দ করে দেওয়া হয়েছে।” সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সেনাবাহিনীর নিজস্ব বিচার প্রক্রিয়ার (কোর্ট মার্শাল) মাধ্যমে এখন এই খুনি কর্মকর্তার বিরুদ্ধে চূড়ান্ত আইনি পদক্ষেপ নেওয়া হবে।