চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৬০ বোতল কোডিন মিশ্রিত অবৈধ মাদকদ্রব্য এস্কাফ সিরাপসহ দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, মাদক ও চোরাচালানমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়ার লক্ষ্যে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং ডিবির অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়।
শুক্রবার (৩১ জুলাই ২০২৬) সকাল সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পৌর এলাকার রেহাইচর গ্রামে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর মহানন্দা ব্রিজ টোল ঘরের সামনে পাকা সড়কে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল।
অভিযানে ৬০ বোতল কোডিন মিশ্রিত অবৈধ মাদকদ্রব্য এস্কাফ সিরাপ উদ্ধার ও জব্দ করা হয়। এ সময় মাদকদ্রব্যগুলো নিজেদের হেফাজতে রাখার অভিযোগে দুই নারীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার তেলকুপি লম্বাপাড়া গ্রামের মোসাঃ শরিফা বেগম (৩৮) এবং কালীগঞ্জ মালুপাড়া গ্রামের মোসাঃ জুনিয়ারা বেগম (২৫)।
ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
জেলা পুলিশ মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার পাশাপাশি মাদক নির্মূলে সাধারণ জনগণের সহযোগিতা কামনা করেছে।

