পাবনা প্রতিনিধিঃ পাবনায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ আব্দুল মাবুদ (৩৮) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিযান চলাকালে ডিএনসি দলের উপস্থিতি টের পেয়ে তার এক সহযোগী ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায়।
রোববার (৯ আগস্ট) দুপুরে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) পাবনা জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৮ আগস্ট) দিনগত রাত আনুমানিক ২টার দিকে ডিএনসির একটি দল পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের কাশিপুর গ্রামে অভিযান পরিচালনা করে।
ডিএনসি সদস্যরা গ্রামের কোয়াজ আলীর ছেলে আব্দুল মাবুদের বসতবাড়ি ঘিরে ফেলে তল্লাশি চালান। এ সময় ঘর থেকে সুকৌশলে রাখা ১৩ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং মাবুদকে গ্রেপ্তার করা হয়।
অভিযান চলাকালে ডিএনসি কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে একই গ্রামের মৃত মোক্তার আলীর ছেলে আলামিন ওরফে মুন্না (৩৩) পালিয়ে যান। ডিএনসি জানিয়েছে, পালিয়ে যাওয়া মুন্না দীর্ঘদিন ধরে মাবুদের সঙ্গে মাদক কারবারে যুক্ত ছিলেন।
ঘটনায় পাবনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর জানান, গ্রেপ্তার আব্দুল মাবুদকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে রোবাবার দুপুরে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আসামি আলামিন ওরফে মুন্নাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

