সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার অভিনেতা ডন: মুয়াজ্জিন থেকে খলনায়ক হয়ে ওঠার গল্প

0
সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার অভিনেতা ডন: মুয়াজ্জিন থেকে খলনায়ক হয়ে ওঠার গল্প

বিনোদন প্রতিবেদক: বাংলাদেশের জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড় এসেছে। রোববার (৯ আগস্ট) এ মামলার অন্যতম অভিযুক্ত ও ঢালিউডের পরিচিত খল অভিনেতা আশরাফুল হক ডনকে আটকের পর গ্রেপ্তার দেখিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সালমান শাহর অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত এই অভিনেতার গ্রেপ্তারের খবরে চলচ্চিত্রপাড়ায় নতুন করে তোলপাড় শুরু হয়েছে।

১৯৭১ সালে বগুড়ায় জন্মগ্রহণ করেন আশরাফুল হক ডন। ১০ ভাই-বোনের মধ্যে সবার ছোট ডন চলচ্চিত্রে আসার আগে একদম ভিন্ন পেশায় যুক্ত ছিলেন। তিনি একটি মসজিদে মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করতেন এবং নিয়মিত আজান দিতেন।

বগুড়া থেকে ঢাকায় আসার পর প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহানের সঙ্গে তার পরিচয় হয়। তার হাত ধরেই চলচ্চিত্রে পদার্পণ করেন তিনি। সোহানুর রহমান সোহানের ‘লাভ’ সিনেমায় প্রথম কাজ করলেও তার মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি ছিল ১৯৯৩ সালের সুপারহিট ‘কেয়ামত থেকে কেয়ামত’।

‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমায় অভিনয়ের মাধ্যমেই প্রয়াত তারকা সালমান শাহর সঙ্গে পরিচয় হয় ডনের, যা পরবর্তীকালে গভীর বন্ধুত্বে রূপ নেয়। সালমান শাহ অভিনীত ২৭টি সিনেমার মধ্যে ২৪টিতেই খলনায়কের ভূমিকায় অভিনয় করেন ডন। তাদের অভিনীত জনপ্রিয় সিনেমাগুলোর মধ্যে রয়েছে বিক্ষোভ, তোমাকে চাই, জীবন সংসার, মহামিলন, এ জীবন তোমার আমার দীর্ঘ তিন দশকের অভিনয় ক্যারিয়ারে ডন প্রায় ৬০০টি সিনেমায় অভিনয় করেছেন। খলনায়ক হিসেবে নব্বই দশকে তিনি দর্শকমহলে ব্যাপক পরিচিতি লাভ করেন।

বড় পর্দার পাশাপাশি তিনি অসংখ্য নাটক ও টেলিফিল্মে অভিনয় করেছেন। অভিনয়ের বাইরে তিনি ‘এক জনমের ভালোবাসা’ নামে একটি সিনেমা প্রযোজনা করেন এবং ‘আর্কাইভ’ নামে একটি ব্যান্ডদল গড়ে তুলে সংগীতচর্চাও করেছেন।

সালমান শাহর মৃত্যুর দীর্ঘ সময় পর সিআইডি কর্তৃক তাকে গ্রেপ্তার দেখানোর ঘটনায় মামলাটি নতুন গতি পাবে বলে ধারণা করা হচ্ছে।