চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে অভিযান চালিয়ে ৩১০টি ভারতীয় চোরাই মোবাইল ফোনসহ মোছাঃ জেসমিন খাতুন (২৫) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) রাত আনুমানিক ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভোলাহাট উপজেলার জাদুনগর গ্রামের মোঃ মঞ্জুর হোসেনের বসতবাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় বাড়ির দক্ষিণ দুয়ারি মাটির শয়নকক্ষ থেকে একটি নীল রঙের বড় প্লাস্টিকের বস্তায় বিভিন্ন বান্ডেলে রাখা ৩১০টি ভারতীয় চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পুলিশ জানায়,উদ্ধার করা মোবাইল ফোনগুলোর আনুমানিক মূল্য ১৮ লাখ ৬০ হাজার টাকা। এ ঘটনায় মঞ্জুর হোসেনের স্ত্রী মোছাঃ জেসমিন খাতুনকে গ্রেফতার করা হয়েছে।
এ ঘটনায় ভোলাহাট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

