সুন্দরগঞ্জে সাংবাদিকের পরিবারে সশস্ত্র হামলা: আদালতের নির্দেশে মামলা হলেও অধরা আসামিরা, চরম আতঙ্কে পরিবার

0
সুন্দরগঞ্জে সাংবাদিকের পরিবারে সশস্ত্র হামলা: আদালতের নির্দেশে মামলা হলেও অধরা আসামিরা, চরম আতঙ্কে পরিবার

সুন্দরগঞ্জ প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে সাংবাদিকের পরিবারে একাধিকবার সশস্ত্র হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আদালতের নির্দেশে থানায় মামলা দায়ের করা হলেও রহস্যজনক কারণে প্রধান আসামিদের গ্রেপ্তার করছে না পুলিশ। ফলে চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে ভুক্তভোগী পরিবারটি।

গত ৯ জুলাই উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামের শোভাগঞ্জ ডিগ্রি কলেজ মোড়ে ১৭-১৮ জনের একদল সশস্ত্র দুর্বৃত্ত নিয়ে তাণ্ডব চালায় প্রধান আসামি আল-আমিন, রাজু, গোলজার ও আঙ্গুর ওরফে খোরশেদ।

৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু পুলিশ প্রস্থান করা মাত্রই আসামিরা ফের অতর্কিত হামলা ও লুটপাট শুরু করে।

সাংবাদিক আবু বক্কর সিদ্দিক পুনরায় ফোন করলে পুলিশ দেশীয় অস্ত্রসহ প্রধান হামলাকারীদের আটক করে থানায় নিয়ে যায়। তবে অভিযোগ উঠেছে, রহস্যজনক কারণে পর মুহূর্তেই তাদের ছেড়ে দেওয়া হয়।

এর আগে ১ জুলাই একটি নন-এফআইআর প্রসিকিউশন মামলায় (নং-২২/২০২৫) জামিন পেয়েই আসামিরা হামলা চালায়। তাদের দেশীয় অস্ত্রের আঘাতে সাংবাদিক আবু বক্কর সিদ্দিক, তাঁর স্ত্রী হালিমা বেগম, ছোট ভাই আশরাফুল ইসলাম, ভাইয়ের স্ত্রী কাকলী বেগম ও তাঁদের ৯ মাস বয়সী শিশুকন্যা আফরিন জান্নাত মণি গুরুতর আহত হন। হামলাকারীরা তাঁদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালিয়ে নগদ টাকা ও মালামাল লুট করে নেয়।

ভুক্তভোগীরা বারবার থানায় এজাহার দিলেও সুন্দরগঞ্জ থানা পুলিশ তা রেকর্ড করেনি। বাধ্য হয়ে ভুক্তভোগী আশরাফুল ইসলাম আদালতে মামলা করেন। পরবর্তীতে বিজ্ঞ আদালতের নির্দেশে গত ৯ আগস্ট সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ্ মামলাটি রেকর্ড করেন।

এর আগেও অন্য একটি মামলায় আদালতের নির্দেশ সত্ত্বেও এফআইআর হিসেবে গণ্য না করায় গত ৩০ জুলাই সুন্দরগঞ্জ থানার ওসিকে সশরীরে আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর (শো-কজ) আদেশ দেন বিচারক পাঁপড়ী বড়ুয়া।

মামলা রেকর্ড হলেও কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় আসামিরা প্রকাশ্যেই পুনরায় হামলার হুমকি দিচ্ছে। ওসির কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি সদুত্তর না দিয়ে বিষয়টিকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করেন বলে ভুক্তভোগী পরিবার অভিযোগ করেছে।

আইনগত সহায়তা না পেয়ে চরম আতঙ্কে দিন কাটানো পরিবারটি আসামিদের দ্রুত গ্রেপ্তার ও সুরক্ষার জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি জানিয়েছে।