জয়নাল আবেদীনঃ তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর রহমান বলেছেন, দেশে চলমান বিদ্যুৎ সংকটের জন্য বর্তমান সরকারের কোনো দায় নেই। সাবেক সরকারের অনিয়ম ও পরিকল্পনাহীনতার কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে বিদ্যুৎ সংকটে জনগণ কষ্ট পাচ্ছে বলেই প্রধানমন্ত্রী আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।
বুধবার দুপুরে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয় মিলনায়তনে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা ড. জাহেদ বলেন, বিগত সরকারের জনগণের ভোটে নির্বাচিত হওয়ার বা তাদের কাছে জবাবদিহি করার কোনো দায় ছিল না। তবে বর্তমান সরকারকে জনগণ বিপুল সমর্থনে বিজয়ী করেছে, তাই যে কোনো মূল্যে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করা হবে।
সরকারের ১৮০ দিন অতিক্রান্ত হওয়ার কথা উল্লেখ করে তিনি জানান, এখন থেকে প্রতি ৬ মাস পর পর প্রতিটি মন্ত্রণালয়ের কাজের মূল্যায়ন করা হবে। সরকারি কর্মকর্তাদের সতর্ক করে তিনি বলেন, ৫ বছর পর পুনরায় জনগণের কাছে জবাব দিতে হবে, তাই সরকারি পলিসি বাস্তবায়নে কর্মকর্তাদের পূর্ণ সহযোগিতা প্রয়োজন।
শিশু-কিশোরদের আসক্তি থেকে দূরে রাখতে শিক্ষার পাশাপাশি খেলাধুলা, সংগীত ও নৃত্যের মতো সহপাঠ্য কার্যক্রমে যুক্ত করার আহ্বান জানান তিনি। ঐতিহ্যবাহী যাত্রা ও সার্কাস থেকে অপসংস্কৃতি দূর করে পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আব্দুল মোতালেব সরকার, বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন, রংপুর বিভাগের ৮ জেলার জেলা প্রশাসক ও কালচারাল অফিসারবৃন্দ।

