হাতিয়ায় স্কুলছাত্রী ধর্ষণ : যুবলীগের সাবেক নেতা গ্রেফতার, ভিডিও ফাঁসে চাঞ্চল্য

0
হাতিয়ায় স্কুলছাত্রী ধর্ষণ : যুবলীগের সাবেক নেতা গ্রেফতার, ভিডিও ফাঁসে চাঞ্চল্য

নোয়াখলী প্রতিনিধিঃ নোয়াখালীর দ্বীপাঞ্চল হাতিয়ার হরণী ইউনিয়নে এক স্কুলছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে হেলাল উদ্দিন (৩৫) নামের এক ফার্মেসি দোকানিকে গ্রেফতার করেছে পুলিশ। হেলাল ওই এলাকার বেলায়েত খলিফার ছেলে। খবরটি ছড়িয়ে পড়ার পর ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়।

রোববার সকাল প্রায় ৮টার দিকে অভিযুক্ত হেলাল উদ্দিন ওই স্কুলছাত্রীকে ফুঁসলিয়ে নিজের ওষুধের দোকানের পেছনের কক্ষে নিয়ে যায় এবং নির্যাতন চালায়। বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে এলে তারা সঙ্গে সঙ্গে দোকানটি ঘেরাও করে হেলালকে হাতেনাতে ধরে ফেলেন। পরে গ্রাম পুলিশের মাধ্যমে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হেলাল উদ্দিন পূর্বে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের হরণী ইউনিয়নের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক পদে ছিলেন। তবে ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর নিজের অপরাধ ঢাকতে ও আইনি সুরক্ষা পেতে জামায়াতে ইসলামীর বিভিন্ন দলীয় কর্মসূচিতে অংশ নিতে শুরু করেন।

এ বিষয়ে হরণী ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ তারিফুল মাওলা জানান, অপরাধী যে-ই হোক না কেন, তার সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। হেলাল মূলত যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং কৌশলগত কারণে সম্প্রতি কর্মসূচিতে যাতায়াত করলেও দলের কোনো পদে তাকে অন্তর্ভুক্ত করা হয়নি।

এদিকে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে জানান, হেলালের বিরুদ্ধে পূর্বেও একাধিক নারীনির্যাতনের অভিযোগ ছিল। গত ৫ আগস্ট এক নারীকে নির্যাতনচেষ্টার অপরাধে গ্রাম্য সালিশে তাকে ৫০টি বেত্রাঘাত ও ১০ হাজার টাকা জরিমানা করা হলেও সে সুধরে যায়নি।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবির হোসেন জানান, নির্যাতিতা স্কুলছাত্রী বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে এবং তার চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। গ্রেফতারকৃত হেলাল উদ্দিনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।