বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল: লাল গালিচা সংবর্ধনা ও প্রথম দাপ্তরিক দিন

0
বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল: লাল গালিচা সংবর্ধনা ও প্রথম দাপ্তরিক দিন

বাংলাদেশ প্রতিবেদকঃ দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর বঙ্গভবনের আবাসিক ভবনে পরিবারসহ উঠেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার সকালে তিনি বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে তাঁর দাপ্তরিক কার্যক্রম শুরু করেন।

সকাল ১১টায় নতুন রাষ্ট্রপতি বঙ্গভবনে পৌঁছালে প্রধান ফটক-২-এ বাংলাদেশ পুলিশের একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানায়।

বঙ্গভবনের ক্রেডেনশিয়াল মাঠে বাংলাদেশ সেনাবাহিনীর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি চৌকস দল তাঁকে আনুষ্ঠানিক ‘গার্ড অব অনার’ প্রদান করে। রাষ্ট্রপতি সালাম গ্রহণ ও পরিদর্শনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

গার্ড অব অনার শেষে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, জনবিভাগের সচিব এ জে এম সালাহউদ্দিন নাগরী, প্রেস সচিব সরওয়ার আলম এবং সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাইসুল ইসলাম রাষ্ট্রপতি ও তাঁর সহধর্মিণী রাহাত আরা বেগমসহ পরিবারের সদস্যদের ফুল দিয়ে অভ্যর্থনা জানান।

রেওয়াজ অনুযায়ী আনুষ্ঠানিকতা শেষ করে রাষ্ট্রপতি তাঁর নির্ধারিত কার্যালয়ে প্রবেশ করেন। সেখানে উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এরপর বঙ্গভবনের ঐতিহ্যবাহী পরিদর্শকদের বইয়ে (ভিজিটরস বুক) স্বাক্ষর করে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রমের সূচনা করেন।

এর আগে শুক্রবার রাতে বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পূর্বে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং ঢাকার মিন্টো রোডের সরকারি বাসভবনে অবস্থান করছিলেন।