মাসুদ রানা রাব্বানী: রাজশাহীর পুঠিয়ায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য, বিভিন্ন ধরনের মানব ও পশু চিকিৎসার ওষুধ এবং চোরাই মালামালসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-৫-এর সিপিএসসি। শনিবার (২২ আগস্ট) রাতে উপজেলার ধোপাপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: পুঠিয়ার ধোপাপাড়া (মোহনপুর) গ্রামের আব্দুল মতিন ছেলে মোঃ মিজানুর রহমান (২৫) ও ধোপাপাড়া জিউপাড়া গ্রামের সহিদুল ইসলামের ছেলে মোঃ মিঠন আলী (৩৩)। রবিবার বিকালে র্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। র্যাব জানায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুঠিয়া থানার ধোপাপাড়া (মোহনপুর) গ্রামের মিজানুর রহমানের আধাপাকা টিনশেড বসতঘরে অভিযান চালিয়ে ২০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, বিভিন্ন ধরনের ইনজেকশন ও ওষুধ, কৃষি উপকরণ এবং ১৮২টি মোবাইল সিমকার্ড, বিভিন্ন কোম্পানির পাঁচটি বাটন মোবাইল ফোন, ২৯ টাকা মূল্যমানের ৩৮৯টি মোবাইল রিচার্জ কার্ড, একটি ল্যাপটপ, গামবুট দুই জোড়া, বিভিন্ন ধরনের প্যাকেট ও সরঞ্জাম, দুটি হাতুড়িসহ বিপুল পরিমাণ মালামাল জব্দ করা হয়। পরে রাত সাড়ে ৭টার দিকে ধোপাপাড়া বাজারে মিঠন আলীর মুদির দোকানে অভিযান চালিয়ে চোরাই ৩৯৯ লিটার ফর্টিফাইড সয়াবিন তেল এবং ১০০ মিলিলিটারের ৪৯৮ বোতল রুটা রেস যৌনবর্ধক সিরাপ উদ্ধার করা হয়। র্যাবের দাবি, মিজানুর রহমানের নেতৃত্বে একটি সংঘবদ্ধ আন্তঃজেলা চোরচক্র বিভিন্ন সময়ে চলন্ত ট্রাক থেকে কৌশলে মালামাল চুরি করে নিজেদের নিয়ন্ত্রণে রেখে বিক্রি করে আসছিল। মিজানুরের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে র্যাব।
এ ঘটনায় পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। রবিবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

