চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ মোঃ মোতাহার আলী ওরফে নিশান (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) বিকেল ৩টা ২০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন বাররশিয়া বৈরাপাড়া গ্রামের আবু বক্কারের (৩০) মুদি দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৪০ গ্রাম হেরোইন উদ্ধার করে জব্দ করেন ডিবি পুলিশের সদস্যরা। গ্রেপ্তার মোতাহার আলী ওরফে নিশান চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর গ্রামের মৃত হুমায়ন কবিরের ছেলে। বর্তমানে তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নারায়ণপুর এলাকায় বসবাস করেন।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জকে মাদক ও চোরাচালানমুক্ত করার লক্ষ্যে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিবির এসআই (নিঃ) মোঃ শাহরিয়ার পারভেজ। এ সময় তাঁর সঙ্গে সঙ্গীয় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মাদকমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়তে পুলিশের পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। মাদকসংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে দেওয়ার অনুরোধ জানিয়ে বলা হয়েছে, তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।

