আবাসিক হোটেল থেকে মাদকসহ দুই পুলিশ সদস্য গ্রেপ্তার

0
 আবাসিক হোটেল থেকে মাদকসহ দুই পুলিশ সদস্য গ্রেপ্তার

জয়নাল আবেদীনঃ রংপুরে আবাসিক হোটেল থেকে মাদকসহ দুই পুলিশ সদস্য আটকের পর কারাগারে পাঠিয়েছে আদালত। আসামিরা হলেন, সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার কোনাবাড়ি গ্রামের ওমর আলী ও দিনাজপুর জেলার বিরল উপজেলার মোহনপুর এলাকার মিথুল ইসলাম। শুক্রবার বিকেলে তাদের দুজনকে মেট্রোপলিটন আদালতে নেওয়া হলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার পরিদর্শক মিলন কুমার চ্যাটার্জি।

এর আগে বৃহস্পতিবার রাতে রংপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নগরীর পায়রা চত্বরে স্কাই ভিউ হোটেলের একটি কক্ষ থেকে পুলিশ সদস্য ওমর আলী ও মিথুল ইসলামকে আটক করে। এ সময় তাদের তল্লাশি করে ওই কক্ষের খাটের নিচ থেকে ডার্বি সিগারেটের প্যাকেটে রাখা ১৯টি ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা সেবনের পাইপ, ৪টি গ্যাস লাইট ও ২টি ফয়েল পেপার জব্দ করা হয়। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।

এ ঘটনায় ওই দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর কার্যালয়ের পরিদর্শক তাহামুদার রহমান বাদী হয়ে মামলা করেছেন।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার পরিদর্শক চ্যাটার্জি বলেন, দুই আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আসামি ওমর আলী চাকরি অবস্থায় এর আগেও মাদকসহ গ্রেফতার হয়েছিলেন। বর্তমানে তিনি বরখাস্ত রয়েছেন। অপর আসামি মিথুল ইসলাম রংপুর পুলিশ লাইন্সে কনস্টেবল হিসেবে কর্মরত আছেন ।