রৌমারীতে ধানবোঝাই ট্রাকে পিষে গেল অটোরিকশা: শিশুসহ একই পরিবারের ৪ জনসহ নিহত ৫

0
রৌমারীতে ধানবোঝাই ট্রাকে পিষে গেল অটোরিকশা: শিশুসহ একই পরিবারের ৪ জনসহ নিহত ৫

কিড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় থমকে গেছে একটি পরিবার। ধানবোঝাই এক ঘাতক ট্রাকের সজোরে ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকসহ মোট ৫ জন প্রাণ হারিয়েছেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতদের মধ্যে একই পরিবারের দুই নারী ও দুই শিশুসহ চারজন রয়েছেন। শনিবার (১৭ অক্টোবর ২০২৬) দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের সায়েদাবাদ ও শিবেরডাঙ্গি বাজারসংলগ্ন এলাকায় এই মর্মান্তিক ট্র্যাজেডি ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার দুপুরে উপজেলার কাউনিয়ারচর এলাকা থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা কর্তীমারী বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে সায়েদাবাদ ও শিবেরডাঙ্গি বাজারের মধ্যবর্তী স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা তীব্র গতির একটি ধানবোঝাই ট্রাক অটোরিকশাটিকে সামনাসামনি সজোরে ধাক্কা দেয়।

স্থানীয় ইউপি সদস্য জিয়াউর রহমান জানান, ট্রাকের ধাক্কায় অটোরিকশাটি চূর্ণবিচূর্ণ হয়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালকসহ তিনজনের করুণ মৃত্যু হয়। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় বাকিদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও দুজনের মৃত্যু ঘটে।

দুর্ঘটনায় একই পরিবারের চার সদস্যের অকালমৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত ও আহতদের পরিচয়, শরিফা বেগম — (পরিবারের সদস্য), লিপি বেগম — (পরিবারের সদস্য), তুবা খাতুন (০৭) — শিশু, রিশাদ মিয়া (১২) — শিশু, অজ্ঞাতনামা চালক — অটোরিকশাচালক (পরিচয় শনাক্তের চেষ্টা চলছে)

ঘটনায় বৃষ্টি খাতুন (২৫) নামে এক নারী গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটিকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউসার আলী বলেন, “নিহতদের মধ্যে চারজন একই পরিবারের সদস্য। অটোরিকশাচালকের পরিচয় এখনও পাওয়া যায়নি, তার পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে। ধানবোঝাই ট্রাকটি আটক করে থানায় আনা হয়েছে এবং এই ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।”