শেখ হাসিনাকে ফেরাতে ভারতের আনুষ্ঠানিক কোনো শর্ত নেই, প্রত্যর্পণ চুক্তিতেই সমাধান চায় ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

0
শেখ হাসিনাকে ফেরাতে ভারতের আনুষ্ঠানিক কোনো শর্ত নেই, প্রত্যর্পণ চুক্তিতেই সমাধান চায় ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদকঃ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো শর্ত দেওয়া হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তবে নয়াদিল্লির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো শর্ত প্রস্তাব করা হলে বাংলাদেশ সরকার তা পর্যালোচনা করে দেখবে বলে তিনি উল্লেখ করেন।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি সরকারের এই অবস্থানের কথা তুলে ধরেন।

শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন অসমর্থিত খবরের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, “শেখ হাসিনার ফেরতের ব্যাপারে কে কোথায় কী প্রতিবেদন ছাপছে, তা দেখার সময় আমাদের নেই এবং সেটি সরকারের বিবেচ্য বিষয়ও নয়।”

আদালতের রায়ে সাজাপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনা বর্তমানে বিদেশে অবস্থান করছেন উল্লেখ করে তিনি বলেন, “তাকে কীভাবে দেশে ফিরিয়ে আনা হবে, সে বিষয়ে আইন মন্ত্রণালয় প্রয়োজনীয় আইনি দিকগুলো খতিয়ে দেখছে। আমরা মনে করি, দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি (এক্সট্রাডিশন ট্রিটি) অনুযায়ী অন্য যেকোনো সাজাপ্রাপ্ত আসামির মতোই তিনি দেশে ফিরবেন এবং আদালতের দেওয়া সাজা ভোগ করবেন।”

এই প্রক্রিয়ায় ভারতের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, “ভারত সরকার যদি এ বিষয়ে ইতিবাচক সাড়া দেয়, তবে বাংলাদেশের সরকার ও জনগণের জন্য বিষয়টি সহজ হবে। তাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে ভারতের রাজনৈতিক সদিচ্ছা অত্যন্ত জরুরি।”

শেখ হাসিনা ইস্যুর চেয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সামগ্রিক দ্বিপাক্ষিক সম্পর্ক অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন শামা ওবায়েদ। তিনি বলেন, “ভারত-বাংলাদেশের সম্পর্ক কেবল একজন ব্যক্তির ইস্যুর চেয়ে অনেক বিশাল ব্যাপার। মহান মুক্তিযুদ্ধের সময় থেকে এই দুই দেশের সম্পর্কের সূচনা, যা কোনো একটি নির্দিষ্ট বিষয়ে সীমাবদ্ধ নয়। দুই দেশের মধ্যে যেসব অমীমাংসিত ইস্যু রয়েছে, সেগুলো পারস্পরিক কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সমাধান করা হবে।”

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও সাম্প্রতিক অস্থিরতা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ আওয়ামী লীগের কঠোর সমালোচনা করেন। তিনি দাবি করেন, “অতীতেও আওয়ামী লীগ দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে এবং বর্তমানে দেশে যে জ্বালাও-পোড়াও ও নাশকতা চলছে, তাও আওয়ামী লীগই করছে। তারা আগে যা করেছে, এখনো তাই করছে।”

বিদেশের মাটিতে বসে দেশের ভেতরে অস্থিতিশীলতা তৈরির চেষ্টার বিষয়ে তিনি বলেন, “একটি দল যখন অন্য একটি দেশে অবস্থান করে দেশের ভেতরে এ ধরনের কর্মকাণ্ড পরিচালনা করে, তখন বাংলাদেশ সরকার হিসেবে বিষয়টিকে গুরুত্বের সাথে আমলে নেওয়া এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা আমাদের দায়িত্ব।”