জ্বালানি সংকটে বিশ্ব: কালোবাজারিদের অপতৎপরতা রুখতে কঠোর হুঁশিয়ারি অর্থমন্ত্রীর

0
জ্বালানি সংকটে বিশ্ব: কালোবাজারিদের অপতৎপরতা রুখতে কঠোর হুঁশিয়ারি অর্থমন্ত্রীর

বাংলাদেশ প্রতিবেদকঃ বিশ্বব্যাপী চলমান জ্বালানি সংকটের প্রভাব বাংলাদেশেও পড়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তবে এই সংকটকে পুঁজি করে একদল কালোবাজারি সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

শুক্রবার (২৭ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী জানান, জ্বালানি সংকটে সারা বিশ্বই বিপর্যস্ত এবং বাংলাদেশও এর বাইরে নয়। বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকে সরবরাহ বন্ধ হওয়ায় চ্যালেঞ্জ তৈরি হয়েছে। তবে বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের জন্য সরকার নিরলস কাজ করে যাচ্ছে।

আমীর খসরু বলেন, দেশে তেলের সরবরাহ স্বাভাবিক, এমনকি আগের চেয়ে বেশি থাকা সত্ত্বেও একটি অসাধু চক্র অতিরিক্ত তেল মজুদ করে কালোবাজারে বিক্রি করছে। এতে জনমনে কৃত্রিম আতঙ্ক সৃষ্টি হচ্ছে, যা সরকারের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করার একটি পরিকল্পিত চেষ্টা।

আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, সরকার সফলভাবে পরিস্থিতি মোকাবিলা করছে। বর্তমানে কোনো ‘রেশনিং’ ব্যবস্থা চালু করা হয়নি। তবে উদ্ভূত পরিস্থিতিতে তিনি দেশবাসীকে কৃচ্ছ্রসাধন এবং সংযম অবলম্বনের আহ্বান জানান।

সংকট নিরসনে এবং কালোবাজারি রুখতে স্থানীয় নির্বাচিত প্রতিনিধিদের আরও সচেষ্ট ও সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “আমাদের মনে রাখতে হবে, এটি একটি জাতীয় সমস্যা। সরকারকে সহযোগিতা এবং সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করলেই এই সংকট সমাধান সম্ভব।”