অর্থনৈতিক প্রতিবেদকঃ চরম উত্তেজনা ও চলমান সংকটের মুখে অবশেষে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদ পুরোপুরি ভেঙে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আজ রোববার (১৪ জুন) রাতে ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করার এই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়।
ব্যাংকটির সার্বিক শৃঙ্খলা ফিরিয়ে আনা, আমানতকারীদের স্বার্থ রক্ষা এবং জনস্বার্থ বিবেচনায় ‘ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১’-এর ৪৫ ও ৪৭(৩) ধারার ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক এ পদক্ষেপ নিয়েছে।
পর্ষদ বিলুপ্তির পাশাপাশি ব্যাংকের প্রশাসনিক ও নীতিনির্ধারণী কার্যক্রম সচল রাখতে তাত্ক্ষণিক বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ব্যাংক কোম্পানি আইনের ৪৭(৩) ধারা অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন এখন থেকে ইসলামী ব্যাংকের পর্ষদের যাবতীয় ক্ষমতা ও দায়িত্ব পালন করবেন।
গত কয়েক সপ্তাহ ধরেই ইসলামী ব্যাংককে কেন্দ্র করে তীব্র অসন্তোষ ও আন্দোলন চলছিল। ঘটনাপ্রবাহের সংক্ষিপ্ত চিত্র নিচে দেওয়া হলো, ইসলামী ব্যাংকের তত্কালীন চেয়ারম্যান এম জুবায়দুর রহমান পদত্যাগ করেন। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে নতুন স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর এমডি ওমর ফারুক খানও পদত্যাগ করেন।
নতুন চেয়ারম্যান নিয়োগের পর থেকেই ‘সচেতন গ্রাহক ফোরাম’ তার অপসারণসহ ৭ দফা দাবিতে আন্দোলনে নামে। গত ১ জুন এই আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনাও ঘটে।
ইসলামী ব্যাংকের এই অস্থিরতা দেশের সর্বোচ্চ আইনসভা ‘জাতীয় সংসদ’ পর্যন্ত গড়ায়। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান ব্যাংকটির ভবিষ্যৎ এবং দেশের অর্থনীতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন “ইসলামী ব্যাংক যদি আরও ক্ষতিগ্রস্ত হয়, তবে বাংলাদেশের অর্থনীতি মাটির সঙ্গে মিশে যাবে। আস্থা একটা পিরামিডের মতো, যা ভেঙে পড়লে পুরো ব্যাংকিং ব্যবস্থার ওপর মানুষের অনাস্থা তৈরি হবে। এর ফলে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সেও বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে।”
বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী পর্ষদ অপসারণের বিষয়টি নিশ্চিত করেছেন। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, এই সিদ্ধান্ত সাময়িক। ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে এবং আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে খুব দ্রুতই যোগ্য ও স্বতন্ত্র পরিচালক নিয়োগের মাধ্যমে একটি সম্পূর্ণ নতুন পেশাদার পরিচালনা পর্ষদ গঠন করা হবে।

