পদত্যাগ করেননি রাশেদ মাকসুদ: আজও দুই শতাধিক শেয়ারের দরপতন, আরও কমেছে লেনদেন

0
পদত্যাগ করেননি রাশেদ মাকসুদ: আজও দুই শতাধিক শেয়ারের দরপতন, আরও কমেছে লেনদেন

বাংলাদেশ প্রতিবেদক: বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগের গুঞ্জনে আজ লেন্দেনের শুরুতে সূচক সামান্য ঊর্ধ্বমুখী হলেও ‘পদত্যাগ করেননি রাশেদ মাকসুদ’ এমন খবরে আবারও পতন ঘটে সূচকের। সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলো মধ্যে দুই শতাধিক কোম্পানির শেয়ারদর পতন হয়েছে। এদিন আগের কার্যদিবসের তুলনায় টাকার অংকে কমেছে লেনদেনের পরিমাণ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (১৯ মে) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৪ দশমিক ৭৫ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৪ হাজার ৭৭৬ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৪ দশমিক ২১ পয়েন্ট কমে ১০৪১ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৮ দশমিক ৩০ পয়েন্ট কমে ১৭৭১ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ২৯২ কোটি ৬০ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ২৯২ কোটি ৬০ লাখ ৮৫ হজার টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১২৫টি কোম্পানির, বিপরীতে ২০২ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৭০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

গতকাল সারাদিন বিনিয়োগকারীদের আল্টিমেটাম ও আন্দোলনের পর রাতে বিভিন্ন অনলাইন পত্রিকায় খবর আসে, পদত্যাগ করতে পারেন রাশেদ মাকসুদ। এমন খবরে সরব হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া। আজ লেন্দেনের শুরুতে সূচক কিছুটা ঊর্ধ্বমুখী থাকলেও ‘পদত্যাগ করেননি রাশেদ মাকসুদ’ এমন খবরে আবারও পতন ঘটে সূচকের।

এ বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেন, সারাদিন খালি গুজব ছড়ায় আমি পদেত্যাগ করছি। বাজারে কি এর একটা প্রভাব পড়ে না?

সোমবার (১৯ মে) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে তিনি গণমাধ্যমকে একথা বলেন।

শেয়ারবাজারে লেনদেন শুরু হওয়ার আগে সকাল ৯টা ৫০ মিনিটে সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের বৈঠকের সময় নির্ধারিত হলে গতকাল রোববার রাতে গুঞ্জন ছড়িয়ে পড়ে তিনি পদত্যাগ করতে যাচ্ছেন।

এর পরিপ্রেক্ষিতে অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ে বিএসইসি চেয়ারম্যান বলেন, আপনারা (কিছু গণমাধ্যম) তো নিউজ বানিয়ে দিয়েছেন। কোথা থেকে সমস্ত নিউজ (পদত্যাগের গুজব) বানান এবং পান। সারাদিন খালি এগুলাই ছড়ায়। এর থেকে ভালো কিছু কি নাই বলেন? আমি আসলাম প্রধান উপদেষ্টার পাঁচটি নির্দেশনা নিয়ে, এতক্ষণ তাই নিয়েই আলোচনা করছিলাম। আমি আসছি একটা কাজে আর আপনারা বানিয়ে দিলেন এগুলা (পদত্যাগ) । এটার একটা ইফেক্ট বাজারে পড়ে না?

উল্লেখ্য, গত ৫ আগস্ট সরকার পতনের পরে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নেতৃত্বে পরিবর্তন এসেছে। তারপরেও আস্থা ফিরেনি বিনিয়োগকারীদের মাঝে। বরং আরও অনাস্থা তৈরী হয়েছে। এতে ধারাবাহিক পতনের ফলে প্রতিনিয়ত পুঁজি হারিয়ে নিঃস্ব হচ্ছে সাধারণ বিনিয়োগকারীরা। গত ১৮ আগস্ট কমিশনের পরিবর্তনের পরে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচক কমেছে ৯৮৬ পয়েন্ট। এসময় বিনিয়োগকারীরা হারিয়েছে প্রায় ১ লাখ ৯ হাজার কোটি টাকার পুঁজি।

তবুও সরকারের পক্ষ থেকে তেমন কোন উদ্যোগ পরিলক্ষিত হয়নি। বরং বার বার মাকসুদ কমিশন, অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ এবং আইসিবি চেয়ারম্যান আবু আহমেদের বিতর্কিত সিদ্ধান্ত ও নেতিবাচক মন্তব্যের কারনে মুখ থুবড়ে পড়েছে দেশের পুঁজিবাজার। নিরুপায় হয়ে গত ৮ মাসধরে নিঃস্ব বিনিয়োগকারীরা মাকসুদ কমিশনের পদত্যাগ দাবি করে আসছেন। পুঁজিবাজারে দীর্ঘদিন ধরে টানা ধস, অব্যবস্থাপনা এবং ক্ষুদ্র বিনিয়োগকারীদের পুঁজি হারিয়ে নিঃস্ব হয়ে পড়ার প্রেক্ষাপটে এবার চরম প্রতীকী প্রতিবাদে নেমেছে সাধারণ বিনিয়োগকারীরা। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের অপসারনের দাবিতে রবিবার (১৮ মে) তার প্রতীকী কফিন নিয়ে মিছিল করেছেন বিনিয়োগকারীরা। বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর এসোসিয়েশনের ব্যানারে এই মিছিল করা হয়েছে।

এদিন দুপুর আড়াইটার দিকে মতিঝিলে শাপলা চত্বরে মাকসুদের প্রতীকী কফিন নিয়ে মিছিল করেন ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা। এর আগে গত ৮ মে রাশেদ মাকসুদের অপসারনের দাবিতে ‘কাফন মিছিল’ করেছেন তারা।

বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর এসোসিয়েশনের নেতাদের দাবি, পুঁজিবাজারে প্রতিদিন যেভাবে রক্তক্ষরণ হচ্ছে, তা কোনভাবেই মেনে নেওয়া যায় না। এভাবে চলতে থাকলে শেয়ারবাজার নামের খাতটি মাটির সাথে মিশে যাবে। এ খাতের সংশ্লিষ্টরা নিংশ্ব হয়ে যাবেন। শেয়ারবাজারের সাথে জড়িত মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউজগুলোও অনেক ক্ষতিগ্রস্থ হচ্ছে। এভাবে অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে। এতে করে চাকরী হারিয়ে বেকার হয়ে পড়ছেন অনেকে।

মিছিলে বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের অপসারনের দাবিতে ক্ষুব্ধ হয়ে উঠেন বিনিয়োগকারীরা। বিনিয়োগকারীদের এখন মূল দাবিই মাকসুদের পদত্যাগ। যার পদত্যাগেই শেয়ারবাজার ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস বিনিয়োগকারীদের।

বিনিয়োগকারীরা বলেন, মাকসুদ শেয়ারবাজার বুঝেন না। এটা শুধু সাধারন বিনিয়োগকারীদের কথা না। এই কথা এখন বিএসইসির সাবেক স্বনামধন্য চেয়ারম্যানসহ স্টেকহোল্ডারদের। তাই মাকসুদের অপসারন করা উচিত।

মিছিলে বিনিয়োগকারীরা শেয়ারবাজারের শত্রু হিসেবে অর্থ উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি ড. আনিসুজ্জামান, খন্দকার মাকসুদ ও আবু আহমেদকে দায়ী করেন।