বাংলাদেশ প্রতিবেদক: মাসিক ভাতা বৃদ্ধি, বকেয়া ভাতা পরিশোধ এবং ভাতা নিয়মিত দেওয়ার দাবিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য (ভিসি) মো. শারফুদ্দিন আহমেদের কার্যালয় ঘিরে রাখা পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট প্রশিক্ষণার্থী পাঁচ শতাধিক চিকিৎসককে সরিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় তাদের সরিয়ে দেওয়া হয়। এরপর সংবাদ সম্মেলন করেছেন বিএসএমএমইউ উপাচার্য।
মঙ্গলবার বিকেলে বিএসএমএমইউ’র মিল্টন হলে সংবাদ সম্মেলনে উপাচার্য শারফুদ্দিন আহমেদ আন্দোলনরত চিকিৎসকদের দেশবিরোধী ও জামায়াত শিবির বলে আখ্যা দিয়েছেন।
ভিসি বলেন, ‘ট্যাক্নোলজিস্ট, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা- আজকে আমি আপনাদের ধন্যবাদ জানাতে এসেছি। আমি বলে দিতে চাই, কোনো ষড়যন্ত্র কাজে আসবে না। আজকে বিশ্ববিদ্যালয় ও সরকারের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে। সবাই মিলে মোকাবিলা করব।’
তিনি বলেন, ‘এই আন্দোলন জামায়াত-শিবিরের লোকেরা করেছে। এই জামায়াত-বিএনপির ক্ষপ্পরে আমাদের লোকেরাও থাকতে পারে।’ এ সময় যারা ভিসির পক্ষে থেকে আন্দোলন করে গেছেন তাদের তিনি ধন্যবাদ দেন।

