শাহজাদপুরে বর্ণাঢ্য আয়োজনে ৭ম রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

0
শাহজাদপুরে বর্ণাঢ্য আয়োজনে ৭ম রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

বিমল কুন্ডু: সিরাজগঞ্জের শাহজাদপুরে বর্ণাঢ্য আয়োজনে ও উৎসবমুখর পরিবেশে ৭ম রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কবিগুরুর স্মৃতি বিজড়িত শাহজাদপুর রবীন্দ্র কাচারি বাড়ি প্রাঙ্গনে দুই দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করে।

আজ ২৬ জুলাই বুধবার সকাল সাড়ে ১০ টায় কাচারি বাড়ি প্রাঙ্গনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে ৭ম রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসের শুভ উদ্বোধন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ আজম। সকাল ১১ টায় কাচারি বাড়ি চত্বর থেকে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে পৌরএলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের ৫ টি বিভাগের শত শত শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। শোভাযাত্রা শেষে কাচারি বাড়ি চত্বরে আয়োজিত রবীন্দ্র মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ আজম। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

দুপুরে রবীন্দ্র কাচারি বাড়ি অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ আজম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ ফখরুল ইসলাম প্রমুখ ।

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি, নৃত্য ও সংগীত পরিবেশন করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিল্পীবৃন্দ। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে মনোজ্ঞ সঙ্গীত পরিবেশন করেন ‘জলের গান’ ব্যান্ড দলের শিল্পীবৃন্দ। সকল অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ৫ টি বিভাগের চেয়ারম্যানগন সহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৬ সনের ২৬ জুলাই ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আইন ২০১৬’ মহান জাতীয় সংসদে পাশ হয়। প্রতি বছর ওই দিনটি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে পালন করা হয়। এদিকে ৭ম রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষে রবীন্দ্র কাচারি বাড়ি প্রাঙ্গন বর্ণিল সাজে সাজানো হয়েছে। উদ্বোধনী দিনে কাচারি বাড়ি প্রাঙ্গন শিক্ষক , শিক্ষার্থী ও রবীন্দ্র ভক্ত অনুরাগীদের পদচারনায় মুখরিত হয়ে উঠে। আগামীকাল বৃহস্পতিবার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য নির্ধারিত স্থানে বৃক্ষরোপণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

জানা গেছে, ২০১৭- ১৮ শিক্ষা বর্ষে ৩ টি বিভাগের ১০৫ জন শিক্ষার্থী নিয়ে শাহজাদপুরের ৩ টি বেসরকারি কলেজে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পাঠদান কার্যক্রম শুরু হয়।

বর্তমানে বাংলা, সমাজবিজ্ঞান, অর্থনীতি, ম্যানেজমেন্ট ও সঙ্গীত বিভাগে মোট ৮০৭ জন শিক্ষার্থী এ বিশ্ববিদ্যালয়ের অধ্যয়ন করছেন।