তাসদিকুল হাসান: রাত ১০টার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যম্পাসে অবস্থান না করতে শিক্ষার্থীদের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে রাত ১০টার পর অবস্থান না করার জন্য অনুরোধ করা হলো। এ বিষয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতা একান্ত কাম্য বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
নোটিশের বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, আমাদের বিশ্ববিদ্যালয় একটি অনাবাসিক বিশ্ববিদ্যালয়, এখানে ছাত্রদের জন্য কোনো হল নেই। এখানে দূরদূরান্ত থেকে ছাত্ররা পড়তে আসে। ছাত্রদের নিরাপত্তার কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়াও তিনি আরও বলেন, এখন শীতকাল এবং রাত দ্রুত শুরু হচ্ছে। সন্ধ্যা থেকে রাত ১০ পর্যন্ত শিক্ষার্থীদের কাছে প্রায় ৫ ঘন্টা সময় থাকে নিজেদের প্রয়োজনীয় কাজ সেরে ফেলার জন্যে। এছাড়াও তিনি নিশ্চিত করেন এই সিদ্ধান্তে রাজনৈতিক অস্থিরতার কোনো প্রভাব নেই।

