বাংলাদেশ প্রতিবেদকঃ নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্ত্যব্যের অভিযোগে এক শিক্ষার্থীর বিচারের দাবিতে আন্দোলন করছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা।
বুয়েটের ছাত্রকল্যাণ পরিদফতরের সামনে মঙ্গলবার দিবাগত রাত ১২ থেকে আন্দোলন করছেন তারা।
অভিযোগ উঠেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে রেডিটে সহপাঠীকে ধর্ষণ, বোরকা, হিজাব ও নারীদের নিয়ে শ্রীশান্ত রায় নামে এক শিক্ষার্থীর কুরুচিপূর্ণ মন্তব্যের স্ক্রিনশট ছড়িয়ে পড়ে। এ ঘটনায় অভিযুক্তের বিচারের দাবিতে বুয়েট শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন।
বুধবার (২২ অক্টোবর) রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা অভিযুক্ত ওই শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল ও ধর্ষণ মামলায় গ্রেপ্তার করার দাবিতে বুয়েট কেন্দ্রীয় খেলার মাঠ সংলগ্ন ডিএসডব্লিউ ভবনের (ছাত্রকল্যাণ পরিদপ্তর) সামনে জড়ো হয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, রেডিটের স্ক্রিনশটে নারী সহপাঠীকে নেশাগ্রস্ত অবস্থায় সে ধর্ষণ করেছে। এছাড়াও বোরকা, হিজাব ও নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে সে। এমন একজন আমাদের সহপাঠী হতে পারে না। আমাদের দাবি আমরা তার বহিষ্কার চাই এবং তার ধর্ষণের বিচার করতে হবে। বিক্ষোভকারী শিক্ষার্থীরা আরও জানান, অভিযুক্ত শ্রীশান্ত রায়ের বিরুদ্ধে বুয়েট ২১ ব্যাচের প্রকাশিত ধর্ষণ ও প্রমাণ তাদের হাতে রয়েছে।
অভিযুক্ত শিক্ষার্থীর নাম শ্রীশান্ত রায়। তিনি বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী এবং আহসানউল্লাহ হলের আবাসিক ছাত্র।
পরে শিক্ষার্থীদের দাবির মুখে ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. এ কে এম মাসুদ লিখিত বিজ্ঞপ্তিতে সাময়িক বহিষ্কারাদেশ জারি করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এই বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের ‘২১ ব্যাচের শিক্ষার্থী শ্রীশান্ত রায় (আইডিঃ ২১০৬১৬৯)-এর ছাত্রত্ব সাময়িকভাবে বাতিল করা হলো।
এছাড়াও, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ওই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করা হবে বলে জানান তিনি। পাশাপাশি স্থায়ী বহিষ্কারের বিষয়ে আগামীকাল (বুধবার) বুয়েট উপাচার্যের সাথে আলোচনা হবে বলেও জানান তিনি।

