৮১.৫ নম্বর পেয়ে গুচ্ছের ‘বি’ ইউনিটে প্রথম মিজানুর

0
৮১.৫ নম্বর পেয়ে গুচ্ছের ‘বি’ ইউনিটে প্রথম মিজানুর

ইবি প্রতিনিধি: গুচ্ছভুক্ত (জিএসটি) ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ‘বি’ ইউনিটে প্রথম হয়েছেন মিজানুর রহমান। তিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন। তিনি ৮১.৫ নম্বর পেয়ে তালিকার শীর্ষে এবং মাইনাস ১৬.২৬ (-১৬.২৫) নম্বর পেয়ে তালিকা তলানিতে রয়েছেন এক শিক্ষার্থী।

সোমবার (০৬ এপ্রিল) ভর্তি পরীক্ষা কমিটির সচিব ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মনজুরুল হক এ তথ্য নিশ্চিত করেন।

প্রথম স্থান অধিকার করা মিজানুর ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ১নং বুধন্তি ইউনিয়নের খাতাবাড়ী গ্রামের বাসিন্দা। তিনি ব্রাহ্মণবাড়িয়ার কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজের শিক্ষার্থী।

প্রকাশিত ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, ‘বি’ ইউনিটে মোট আবেদনকারী ছিলেন ৯৩ হাজার ১০২ জন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৭৬ হাজার ৭৫৫ জন শিক্ষার্থী, যা মোট আবেদনকারীর ৮২ শতাংশ। অনুপস্থিত ছিলেন ১৬ হাজার ৩৪৭ জন (১৮%)।

এবারের পরীক্ষায় পাসের হার ৬০.৫ শতাংশ। অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে পাস নম্বর (৩০-এর বেশি) পেয়ে ভর্তির প্রাথমিক যোগ্যতা অর্জন করেছেন ৪৬ হাজার ৬৩০ জন। অন্যদিকে, ৩০-এর কম নম্বর পেয়ে অকৃতকার্য হয়েছেন ৩০ হাজার ৮৯ জন (৩৯%)। এছাড়া রোল নম্বর ও পরিচয়পত্র পূরণে ভুলের কারণে ৩৬ জন শিক্ষার্থীর খাতা বাতিল করা হয়েছে।

প্রথম স্থান অধিকার করা মিজানুর রহমান বলেন, আব্বুই আমার মূল প্রেরণা। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হয়েছি। আমি আইন অঙ্গনে কাজ করতে আগ্রহী। আমার আব্বা কাচামালের পারিবারিক অবস্থা মোটামুটি মধ্যবৃত্ত ধরনের। পাঁচ ভাইবোনের আমি তৃতীয়। আমার বাবা-মা কেউই তেমন শিক্ষিত নয়। বাবার প্রাতিষ্ঠানিক শিক্ষা একদমই নেই আর মা ষষ্ঠ শ্রেনি পর্যন্ত পড়াশোনা করেছে। আমি পরীক্ষা দিয়েই বন্ধুদের সাথে গল্প করছিলাম প্রথম ১০ জনের মধ্যে থাকতে পারি৷ তো আজ প্রথম হয়ে খুবই ভালো লাগছে। আলহামদুলিল্লাহ।

উল্লেখ্য, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা গুচ্ছভুক্ত পরীক্ষার অফিসিয়াল ওয়েবসাইট থেকে তাদের ফলাফল দেখতে পারবেন। প্রাথমিকভাবে উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তীতে নির্ধারিত প্রক্রিয়ায় বিভাগ ও বিশ্ববিদ্যালয় পছন্দক্রম পূরণ করতে হবে।