জাবিতে ছাত্রী ধর্ষণ চেষ্টায় মধ্যরাতে উত্তাল ক্যাম্পাস: ৩ দফা দাবিতে শিক্ষার্থীদের আল্টিমেটাম

0
জাবিতে ছাত্রী ধর্ষণ চেষ্টায় মধ্যরাতে উত্তাল ক্যাম্পাস: ৩ দফা দাবিতে শিক্ষার্থীদের আল্টিমেটাম

জাবি প্রতিনিধিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অভ্যন্তরে বহিরাগত কর্তৃক এক নারী শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার প্রতিবাদে অগ্নিগর্ভ হয়ে উঠেছে ক্যাম্পাস। গত মঙ্গলবার (১২ মে) রাতের ওই ঘটনার পর প্রশাসনের নির্লিপ্ততার অভিযোগে বুধবার (১৩ মে) দিবাগত মধ্যরাতে বিশাল বিক্ষোভ মিছিলে প্রকম্পিত হয় বিশ্ববিদ্যালয় এলাকা।

জানা গেছে, গত ১২ মে রাতে বিশ্ববিদ্যালয়ের পরিত্যক্ত পুরোনো ফজিলাতুন্নেছা হল ও আল বেরুনী হলের বর্ধিত অংশের নির্জন এলাকায় এক নারী শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা চালায় এক বহিরাগত যুবক। ভুক্তভোগী শিক্ষার্থী কোনোক্রমে নিজেকে রক্ষা করতে সক্ষম হলেও এই ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র নিরাপত্তা আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে।

বুধবার রাত দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের টারজান পয়েন্ট থেকে শত শত শিক্ষার্থীর অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন রেজিস্ট্রার ভবনের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

শিক্ষার্থীদের কণ্ঠে এসময় প্রতিধ্বনিত হয় প্রশাসনের ব্যর্থতার বিরুদ্ধে তীব্র স্লোগান “আমার সোনার বাংলায়, ধর্ষকের ঠাঁয় নাই” “ক্যাম্পাসে ধর্ষণ ঘটে, প্রশাসন কী করে?” “যে প্রশাসনের দায় নাই, সে প্রশাসন চাই না”

বিক্ষোভ সমাবেশ থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে ৩টি সুনির্দিষ্ট দাবি উত্থাপন করেন, সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীর বর্ণনা অনুযায়ী ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীকে চিহ্নিত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। ক্যাম্পাসে বহিরাগতদের অবাধ প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিরাপত্তা টহল জোরদার করা। পুরো ক্যাম্পাসকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা এবং পর্যাপ্ত সড়ক বাতি স্থাপনের মাধ্যমে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা।

বিক্ষোভের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে তদন্ত কমিটি গঠন ও দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলেও শিক্ষার্থীরা তাতে সন্তুষ্ট নন। আন্দোলনরত শিক্ষার্থীদের ভাষ্য, ইতিপূর্বেও একাধিকবার এমন ঘটনা ঘটলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, যার ফলে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে।

ক্যাম্পাসের নিরাপত্তা পরিস্থিতি বর্তমানে থমথমে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ও প্রক্টরিয়াল টিম সতর্ক অবস্থানে রয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।