বাউফল থেকে নিখোঁজ ৪ স্কুলছাত্রী গাজীপুরে উদ্ধার: নেপথ্যে ছিল ‘অভিমান ও স্বাবলম্বী’ হওয়ার ইচ্ছা

0
বাউফল থেকে নিখোঁজ ৪ স্কুলছাত্রী গাজীপুরে উদ্ধার: নেপথ্যে ছিল ‘অভিমান ও স্বাবলম্বী’ হওয়ার ইচ্ছা

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়ন থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া চার স্কুলছাত্রীকে চার দিন পর অক্ষত অবস্থায় উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার (১৩ মে) সন্ধ্যা ৭টার দিকে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকা থেকে র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে তাদের উদ্ধার করা হয়।

গত ১০ মে (রোববার) সকালে বিদ্যালয়ে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় চার শিক্ষার্থী। এরা হলো— আয়শা আক্তার (১৫), সানজিদা আক্তার রায়সা (১৩), ইসমত জেরিন (১২) ও সানজিদা আক্তার (১২)। দীর্ঘ চার দিন সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে তাদের না পেয়ে পরিবারগুলো বাউফল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে। অবশেষে তথ্য-প্রযুক্তির সহায়তায় গাজীপুর থেকে তাদের অবস্থান শনাক্ত করা হয়।

পুলিশের তথ্যানুযায়ী, নিখোঁজ ছাত্রীরা গাজীপুরের মৌচাক এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে অবস্থান করছিল। সেখানে তারা একটি কম্পিউটারের দোকানে চাকরির জন্য ‘জীবনবৃত্তান্ত’ বা সিভি (CV) তৈরি করতে যায়। দোকানদার সন্দেহবশত তাদের ফোন নম্বর রেখে দেন। পরবর্তীতে পুলিশ সেই সূত্র এবং তথ্য-প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে তাদের অবস্থান নিশ্চিত করে অভিযান চালায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, “মূলত পরিবারের ওপর অভিমান এবং স্বাবলম্বী হওয়ার তাড়না থেকে তারা বাড়ি ছাড়ে। গার্মেন্টসে চাকরি করার লক্ষ্য নিয়ে তারা প্রায় ৮০ হাজার টাকা সাথে করে নিয়ে গাজীপুরে চলে এসেছিল।”

উদ্ধারকৃত চার শিক্ষার্থী বর্তমানে গাজীপুরের মৌচাক পুলিশ ফাঁড়িতে নিরাপদে রয়েছে। আইনি প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতা শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ। চার দিন পর সন্তানদের ফিরে পাওয়ার খবরে নিখোঁজ ছাত্রীদের পরিবারে স্বস্তি ও আনন্দের জোয়ার বইছে।