বাংলাদেশ প্রতিবেদকঃ সারাদেশে আগামীকাল বৃহস্পতিবার (২ জুলাই) থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। এবারের পরীক্ষায় কোনো ধরনের বিভ্রান্তিকর তথ্য বা গুজব ছড়ালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
বুধবার (১ জুলাই) দুপুরে সচিবালয়ে এইচএসসি পরীক্ষা উপলক্ষে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।
শিক্ষামন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, “এবারে প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ রাখা হয়নি। নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত জোরদার করা হয়েছে।” তবে প্রযুক্তির সীমাবদ্ধতার কথা উল্লেখ করে তিনি বলেন, “ডিজিটাল প্রশ্নপত্র চালু করলেও হ্যাকিং হবে না—এমন শতভাগ নিশ্চয়তা দেওয়া যায় না। যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশেও এ ধরনের সাইবার ঝুঁকি থাকে, তবে আমরা সর্বোচ্চ সতর্ক আছি।”
পরীক্ষার্থীদের নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করতে মন্ত্রী সংসদ সদস্যদের (এমপি) প্রতি বিশেষ অনুরোধ জানান। তিনি বলেন, গত এসএসসি পরীক্ষার সময় দু-একটি কেন্দ্রে এমপিদের পরিদর্শনের কারণে পরীক্ষার স্বাভাবিক পরিবেশ কিছুটা বিঘ্নিত হয়েছিল। এবার যেন তেমনটি না ঘটে, সে বিষয়টি এমপিরা বিবেচনায় রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
পরীক্ষার খাতা মূল্যায়নে শতভাগ স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে শিক্ষা মন্ত্রণালয় এবার বিশেষ কিছু পদক্ষেপ নিয়েছে, শিক্ষকরা কোনোভাবেই নিজের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের খাতা মূল্যায়ন করতে পারবেন না। একজন পরীক্ষকের ওপর যেন অতিরিক্ত চাপ না পড়ে, সেজন্য পরীক্ষকের সংখ্যা বাড়ানো হয়েছে এবং প্রত্যেকের কাছে খাতার সংখ্যা কমিয়ে আনা হয়েছে। দ্বৈবচয়ন (র্যান্ডম) পদ্ধতি মূল্যায়নের পর খাতাগুলো সঠিকভাবে যাচাই করতে দ্বৈবচয়ন বা র্যান্ডম পদ্ধতিতে পুনঃপর্যবেক্ষণের ব্যবস্থা রাখা হবে।
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার মূল পরিসংখ্যানগুলো নিচে দেওয়া হলো মোট পরীক্ষার্থী ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন, মোট পরীক্ষা কেন্দ্র ২ হাজার ৬৯৭টি, অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠান ৯ হাজার ৪৩৯টি প্রশ্নপত্র নীতি ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্র
উল্লেখ্য, আগামীকাল থেকে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে এই পরীক্ষা একযোগে শুরু হতে যাচ্ছে।

