নিশোর জন্মস্থান ভূঞাপুরে অস্থায়ী হলে চলবে দাগি

0
নিশোর জন্মস্থান ভূঞাপুরে অস্থায়ী হলে চলবে দাগি

আব্দুল লতিফ তালুকদার: ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর জন্মস্থান টাঙ্গাইলের ভূঞাপুরে। এ কারণে তার ছবি নিয়ে সেখানকার দর্শকের উন্মাদনা একটু বেশি । তবে সেখানে কোনো সিনেমা হল নেই। তাই বলে কি নিজ এলাকার সন্তানের নতুন সিনেমা উপভোগ করবেন না তারা, তা কি করে হয়! এই আফসোস ঘোচাতে স্থানীয় কয়েকজন নিশো ভক্ত নিজ উদ্যোগে উপজেলার স্বাধীনতা  কমপ্লেক্স ভাড়া করে নিশোর ‘দাগি’ প্রদর্শনের আয়োজন করেছেন।

আয়োজকদের একজন হাদি চকদার, তিনি বলেন, ছবিটি মুক্তির পরই আমরা প্রদর্শনের ব্যবস্থা করতে চেয়েছিলাম কিন্তু সেসময় আফরান নিশো ভাইয়ের সাড়া পাইনি। এবার যোগাযোগ করে সাড়া পেয়ে উদ্যোগ নিয়েছি। বৃহস্পতিবার প্রযোজনা সংস্থা থেকে ছবি প্রদর্শনের সরঞ্জামাদি নিয়ে এলাম। ২ মে  শুক্রবার  থেকে দাগি সিনেমাটি দেখানো হবে আমাদের ভূঞাপুরে।  আফরান নিশো উপস্থিত থাকবেন কি না জানতে চাইলে হাদি বলবেন, যেহেতু নিজের এলাকায় ছবি প্রদর্শনী চলবে নিশো ভাই অবশ্যই থাকবেন। তবে তিনি কবে আসবেন সে বিষয়ে এখন নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। ভূঞাপুর স্বাধীনতা কমপ্লেক্সের দোতলায় ৭ দিনব্যাপী প্রদর্শিত হবে আফরান নিশো অভিনীত ‘দাগি’ সিনেমা। এখানে প্রতিটি টিকিটের মূল্য ধরা হয়েছে ১০০ টাকা। প্রতিদিন ৪টি করে শো চলবে। প্রথম শো শুরু হবে বিকেল ৪টা থেকে।

গেল বছর ঈদে মুক্তিপ্রাপ্ত নিশোর প্রথম বাণিজ্যিক সিনেমা ‘সুড়ঙ্গ’ একইভাবে প্রদর্শন করা হয় ভূঞাপুরে। সেসময় তাদের উদ্যোগকে সাধুবাদ জানাতে নিশো নিজে, ছবির নায়িকা তমা মির্জা ও পরিচালক রায়হান রাফিসহ কলাকুশলিরা  উপস্থিত হয়েছিলেন।  সেবছর ছবিটি সুপারহিট ব্যবসা করেছিল। এবছর এ অভিনেতার  ঈদুল ফিতরে দাগি সিনেমাটি মুক্ত পায় এবং ছবিটি ব্যবসা সফল হয়। দাগি ছবিটি পরিচালনা করেন শিহাব শাহীন। প্রধান চরিত্রে আফরান নিশো, তমা মির্জা, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, সুনেরাহ বিনতে কামালসহ অন্যরা অনবদ্য অভিনয় করেছেন। দাগি প্রদর্শনের খবরে ভূঞাপুরে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। উল্লেখ্য, ভূঞাপুরে রেখা ও কাজল নামে দুটি সিনেমা হল ছিল। সিনেমা ব্যবসা মন্দা হওয়ায় আস্তে আস্তে দুটি হল বন্ধ হয়ে যায়। তবে এখন সিনেমার ব্যবসা ভালো হওয়ায় দর্শকদের অনুরোধে দাগি সিনেমাটি অস্থায়ী হল বানিয়ে প্রদর্শনের ব্যবস্থা করেছে নিশো ভক্তরা।