জয়া-ম্যাজিক কলকাতায়: বছরের শুরুতেই ‘সেরা ২৪’-এর মুকুটে বাংলাদেশের জয়া

0
জয়া-ম্যাজিক কলকাতায়: বছরের শুরুতেই ‘সেরা ২৪’-এর মুকুটে বাংলাদেশের জয়া

বিনোদন ডেস্কঃ নতুন বছর ২০২৬-এর শুরুতেই আন্তর্জাতিক স্বীকৃতিতে সিক্ত হলেন ওপার বাংলার ‘মোস্ট ওয়ান্টেড’ অভিনেত্রী জয়া আহসান। কলকাতার প্রভাবশালী গণমাধ্যম জি ২৪ ঘণ্টার আয়োজনে ‘বিনোদনের সেরা ২৪’ অনুষ্ঠানে ‘সেরা অভিনেত্রী (সমালোচক)’ ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বের পুরস্কার বগলদবা করেছেন তিনি। কালজয়ী সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পুতুলনাচের ইতিকথা’র সেলুলয়েড রূপায়ণে অনবদ্য অভিনয়ের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা পেলেন তিনি।

সুমন মুখার্জি পরিচালিত ‘পুতুলনাচের ইতিকথা’ সিনেমায় জয়া আহসানের অভিনয় শুরু থেকেই ছিল টক অব দ্য টাউন। মানিকের উপন্যাসের সেই চিরচেনা জাদুকরী চরিত্রকে পর্দায় জীবন্ত করে তোলায় সমালোচকদের বিচারে তিনি অপ্রতিদ্বন্দ্বী প্রমাণিত হয়েছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রফি হাতে একটি ছবি শেয়ার করে এই সাফল্যের খবরটি ভক্তদের জানান জয়া।

পুরস্কার অর্জনে উচ্ছ্বসিত জয়া আহসান তার অনুভূতি প্রকাশ করে লিখেছেন, “বছরের প্রথম পুরস্কার হিসেবে ‘পুতুলনাচের ইতিকথা’র জন্য এই সম্মান পেয়ে আমি সত্যিই গর্বিত ও কৃতজ্ঞ।” তিনি সিনেমাটির পরিচালক এবং সহ-শিল্পী আবীর চ্যাটার্জিসহ পুরো টিমকে এই সাফল্যের অংশীদার হিসেবে উল্লেখ করেন।

দুই বাংলার চলচ্চিত্রে জয়া আহসানের জয়যাত্রা এখন কোনো ভৌগোলিক সীমায় আটকে নেই। এর আগেও একাধিকবার ফিল্মফেয়ারসহ বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কার জয় করলেও, ২০২৬ সালের শুরুতে পাওয়া এই স্বীকৃতি তার ক্যারিয়ারের মুকুটে এক ভিন্নধর্মী পালক যোগ করল। কলকাতার বিনোদন জগতের রথী-মহারথীদের উপস্থিতিতে আয়োজিত এই জমকালো অনুষ্ঠানটি জয়ার সাফল্যের মুকুটে এক নতুন মাইলফলক।